নির্বিঘ্নেই কেটেছে প্রথম দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার। সকাল নয়টা থেকে ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম রেলস্টেশন থেকে টিকিট বিক্রি শুরু হয়। তবে কমলাপুর স্টেশনে টিকিটপ্রত্যাশীদের অনেকে লাইনে দাঁড়ান সেহ্রির সময় থেকে। কেউ কেউ গত বুধবার রাতেই স্টেশনে যান। অবশ্য রাতে কাউকে লাইন ধরতে দেননি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
গতকাল সকাল সাড়ে নয়টার দিকে কমলাপুর স্টেশনে গিয়ে দেখা যায়, টিকিটপ্রত্যাশীদের লাইন স্টেশনের প্ল্যাটফর্ম ছাড়িয়ে বাইরের দিকে চলে গেছে বেশ খানিকটা। গতকাল বিক্রি করা হয় ১৩ জুলাইয়ের টিকিট। তবে কিছু অভিযোগ ছাড়া প্রথম দিনটি নির্বিঘ্নেই কেটেছে।
১৩ জুলাই পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি করা হবে। আজ ১০ জুলাই দেওয়া হবে ১৪ জুলাইয়ের টিকিট। ১১ জুলাই ১৫ জুলাইয়ের, ১২ জুলাই ১৬ জুলাইয়ের, ১৩ জুলাই বিক্রি হবে ১৭ জুলাইয়ের টিকিট।
স্টেশনে কয়েকজন অভিযোগ করেন, বিভিন্ন ট্রেনের ঘুমানোর আসন ও শীতাতপনিয়ন্ত্রিত (এসি) কামরার কাঙ্ক্ষিত টিকিট পাননি। এঁদেরই একজন শফিকুল ইসলাম বলেন, তিনি পরিবারের সদস্যদের নিয়ে চট্টগ্রামে যেতে তূর্ণা নিশীথার একটি কামরার টিকিট কাটতে চেয়েছিলেন। সেহ্রির পরপরই লাইনে দাঁড়িয়েছিলেন। তাঁর অবস্থান ছিল ১৬ জনের মধ্যে। কিন্তু তিনি টিকিট পাননি। সতর্কতা হিসেবে আগে থেকেই এক আত্মীয়কে সাধারণ আসনের টিকিটের লাইনে দাঁড় করিয়েছিলেন। সেখানে অবশ্য টিকিট পেয়েছেন।
রেলওয়ের কর্মকর্তারা বলেন, তূর্ণা নিশীথা ট্রেনে ঘুমিয়ে যাওয়ার আসন আছে ৩৬টি। ঈদের আগের তিন দিন তা ৫৪টি করা হবে। এই শ্রেণির আসনগুলোর বেশির ভাগই ভিভিআইপি ও ভিআইপিদের চাহিদার শীর্ষে থাকে। এ জন্য কাউন্টারে অল্প কিছু টিকিট ছেড়ে বাকিগুলো ধরে রাখা হয়। ঈদ উপলক্ষে কমলাপুর থেকে প্রতিদিন বিভিন্ন আন্তনগর ট্রেনেরই প্রায় ১৮ হাজার টিকিট বিক্রি করার কথা। অবশ্য রেলের কর্মী ও ভিআইপিদের জন্য সংরক্ষিত প্রায় ১০ শতাংশ এবং এর বাইরে নানা তদবির বাদ দিলে ১০ হাজারের বেশি টিকিট কাউন্টারে ছাড়া হয় না।
গতকাল কমলাপুর রেলস্টেশনে রেলের নিজস্ব নিরাপত্তাকর্মী ছাড়াও র্যাব ও পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।
ট্রেনের আগাম টিকিট বিক্রি দেখতে কমলাপুর স্টেশনে যান রেলমন্ত্রী মুজিবুল হক। এ সময় তিনি অগ্রিম টিকিটের জন্য অপেক্ষমাণ মানুষের সঙ্গে কথা বলেন। তাঁদের অভিযোগ শোনেন।
মুজিবুল হক বলেন, ঈদ উপলক্ষে প্রতিটি ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে। ট্রেনের সময়সূচিতে যাতে বিপর্যয় না হয়, সে জন্য সংশ্লিষ্টদের সতর্ক করে দেওয়া হয়েছে। এরপরও ইঞ্জিন নষ্ট হলে সমস্যা হতে পারে। ট্রেনের ছাদে চলাচল করা বেআইনি উল্লেখ করে যাত্রীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কেউ ছাদে উঠবেন না। ট্রেনের ছাদে ওঠা বেআইনি। আইনশৃঙ্খলা বাহিনীকে বলব—আঘাত না করে, পিঠে হাত বুলিয়ে তাঁদের নামাবেন।’