নির্বিচারে গাছ কাটা ও আদিবাসীদের উচ্ছেদের চেষ্টা বন্ধ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাসিয়া-গারোরা পাহাড়ে বাস করে। তারা গাছ-গাছালিকে সন্তানের মতো ভালোবাসে। অথচ বিভিন্ন চা-বাগান ও সংরক্ষিত বনে নির্বিচারে এ গাছ কাটা হচ্ছে। বনদস্যুরা অবাধে গাছ চুরি করছে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। শ্রীমঙ্গলের নাহার পুঞ্জিসহ অন্যান্য জায়গায় গাছ কাটা বন্ধ করতে হবে। মৌলভীবাজারের কুলাউড়ায় গতকাল শনিবার আদিবাসী পরিবেশ রক্ষা বিষয়ে এক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন। সভায় আদিবাসী পল্লির হেডম্যানরা (প্রধান) বলেন, বিভিন্ন জায়গা থেকে আদিবাসীদের উচ্ছেদের চেষ্টা চলছে। সামাজিক বনায়নের নামে নিরীহ আদিবাসী লোকজনের কাছ থেকে বন বিভাগের কর্মকর্তারা ঘুষ নিচ্ছেন। এসব ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) উদ্যোগে উপজেলার সদর ইউনিয়নের লক্ষ্মীপুর ক্রিশ্চিয়ান মিশনের মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান আলোচক ছিলেন বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন। আরও বক্তব্য দেন শরীফ জামিল, কিরন ইয়াং, রাজেশ পসনা, সুখমন ইয়াংমে, অ্যান্থনি লামিন, জামিল ধার প্রমুখ। স্বাগত বক্তব্য দেন আদিবাসী পরিবেশ আন্দোলনের সিলেট বিভাগীয় সমন্বয়ক জোসেফ গোমেজ। সভাপতিত্ব করেন খাসিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি অ্যান্ড্রু সলোমার।