নির্বিচারে গাছ কাটার অভিযোগ, শিক্ষক ও শিক্ষার্থীদের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বিচারে বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এই অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অভিযোগ করেন, গ্রীষ্মকালীন ছুটির প্রথম দিন ১ জুনের পর থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নির্বিচারে গাছ কাটা হচ্ছে। প্রশাসন এক বিজ্ঞপ্তিতে দরপত্রের মাধ্যমে বিভিন্ন প্রজাতির ২৫টি গাছ কাটার সিদ্ধান্ত নিলেও এ পর্যন্ত অর্ধশতাধিক গাছ কাটা হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট এলাকাসংলগ্ন সড়ক দ্বীপ, গ্রন্থাগার ভবনের সামনে, পরিবেশবিজ্ঞান ভবনের পাশে ও নওয়াব ফয়জুন্নেসা হলের সামনের মাঠ থেকে বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক গাছ এরই মধ্যে কেটে ফেলা হয়েছে। তাঁরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের বিষয়টি জানতে না দেওয়ার জন্যই বন্ধের মধ্যে গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে।প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়, বিভিন্ন সময়ে হলের প্রাধ্যক্ষ ও বিভিন্ন বিভাগের শিক্ষকদের আবেদনের পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির জন্য গাছগুলো কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। এসব গাছের বদলে ফুল ও পরিবেশবান্ধব গাছ লাগানো হবে। বৃক্ষ রোপণ, যাচাই-বাছাইকরণ ও কর্তনবিষয়ক কমিটির বিশেষজ্ঞ অধ্যাপক আবুল খায়ের বলেন, সরেজমিনে গিয়ে পরিবেশবান্ধব নয় এমন গাছ চিহ্নিত করে সেগুলো কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ১০-১৫টি গাছ কাটা হয়েছে। তবে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ সত্য নয় বলে তিনি দাবি করেন।