নির্বিচারে গাছ কেটে অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের ঘোষণায় মঙ্গলবার সন্ধ্যার পর থেকে জামায়াত-শিবিরের কর্মীরা বগুড়া ও রংপুরে মহাসড়কের পাশের শত শত গাছ কেটে সড়ক অবরোধ করেন। রেলপথ ও সেতুতেও নাশকতা সৃষ্টির চেষ্টা করা হয়।
বিভিন্ন স্থানে পিকেটারদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিক্ষিপ্ত সংঘর্ষ হয়। এ সময় পুলিশক লক্ষ্য করে মুহুর্মুহু ককটেল ছোড়া হয়। পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের কয়েক শ গুলি ছোড়ে। কোথাও কোথাও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকেই বগুড়া শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সব দোকানপাট ও বাজারঘাট বন্ধ হয়ে যায়। লোকজন নিরাপদ আশ্রয়ে চলে যায়। রাত সাড়ে আটটার মধ্যে রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। শহরের প্রবেশপথগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। রাত নয়টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের ফটকি ব্রিজের রেলিং হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেন জামায়াত-শিবিরের কর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে বেশ কিছু ককটেল ছোড়া হয়। এতে পুলিশ পিছু হটে। রাত ১১টার দিকে জেলা শহর থেকে র‌্যাব-পুলিশ ও বিজিবির গাড়িবহর সেখানে গেলে জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ শটগানের প্রায় ২০০ গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে।
মহাসড়কের সাজাপুর থেকে নয়মাইল পর্যন্ত প্রায় সাত কিলোমিটার এলাকাজুড়ে গাছ কেটে সড়কে ফেলে অবরোধ করা হয়। অন্যদিকে ঢাকা-রংপুর মহাসড়কের মহাস্থান থেকে মোকামতলা পর্যন্ত কয়েক শ গাছ কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় জামায়াত-শিবির। একইভাবে বগুড়া-নাটোর ও বগুড়া-নওগাঁ মহাসড়কেও গাছ কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
বগুড়া রেলের উপসহকারী প্রকৌশলী (পথ) আফজাল হোসেন জানান, মঙ্গলবার রাতে বগুড়া-লালমনিরহাট রেলপথের গাবতলীর সৈয়দ আহম্মেদ কলেজ স্টেশন এলাকায় রেললাইনের ওপর গাছ ও ইট ফেলে রাখে জামায়াত-শিবির। রাতেই রেলওয়ের কর্মীরা গাছ ও ইট সরিয়ে ফেলেন। গতকাল সকালে জামায়াত-শিবিরের কর্মীরা মিছিল নিয়ে একই স্থানে রেলপথের ৬২টি প্যান্ডেল ক্লিপ খুলে ফেলেন। একইভাবে পাশের নাড়ুয়ামালা এলাকায় রেললাইনের ফিশ প্লেট খুলে ফেলা হয়। সাড়ে নয়টার দিকে বগুড়া স্টেশনের অদূরে শহরদীঘি এলাকায় রেললাইনের ২৬টি প্যান্ডেল ক্লিপ খুলে ফেলা হয়।
মঙ্গলবার রাতে জামায়াত-শিবিরের কর্মীরা শহরের স্টেশন সড়কে জেলা যুবলীগের সভাপতি মঞ্জুরুল আলমের মালিকানাধীন মিতালী ফিলিং স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। একই সময়ে বগুড়া শহরতলির মানিকচক এলাকায় তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মুকুল সাহার ওষুধের দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
শেরপুর উপজেলার মহিপুর, গাড়িদহ ও দশমাইলের তিন জায়গায় ১০-১৫টি গাছ কেটে সড়কে ফেলে রাখা হয়। ফলে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করতে পারেনি। একইভাবে সড়কে গাছের গুঁড়ি ফেলার দৃশ্য ছিল পাশের শাজাহানপুর উপজেলার নয়মাইল, আঁড়িয়া বাজার ও ফটকি ব্রিজ এলাকায়। এ কারণে উত্তরবঙ্গের আট জেলায় পত্রিকাবাহী গাড়ি পৌঁছাতে পারেনি।
শেরপুর থানার ওসি আলী আহমেদ হাশমী জানান, তাঁরা সড়কের গাছের গুঁড়ি অপসারণ করার পর পুলিশি টহল জোরদার করেছেন।
রংপুরের মিঠাপুকুর উপজেলায় গতকাল ঢাকা-রংপুর মহাসড়কের ১০ কিলোমিটার এলাকায় গাছ ফেলে সড়ক অবরোধ করা হয়েছে। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে একটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। গাছ কেটে অবরোধ করার কারণে ঢাকা থেকে পত্রিকাবাহী কোনো গাড়ি রংপুরে যেতে পারেনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ভোরের দিকে মিঠাপুকুরের দমদমা সেতুর দক্ষিণ দিক থেকে পায়রাবন্দ, চুহড়, গড়ের মাঠ, জায়গীরহাট, মিঠাপুকুর বাজার, আল ফারুক ইনস্টিটিউট ও শঠিবাড়ী বাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার মহাসড়কের দুই পাশের তিন শতাধিক গাছ কেটে সড়কে ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এতে আইনশৃঙ্খলায় নিয়োজিত পুলিশ ও বিজিবির গাড়ি চলাচলও বাধাগ্রস্ত হয়। সকাল সাতটার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা মিছিল নিয়ে মিঠাপুকুর বাজার এলাকার নিয়ন্ত্রণ নেন। পরে পুলিশ সড়কের গাছগুলো অপসারণ করে গাড়ি নিয়ে এগিয়ে যায়।
সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত মিঠাপুকুর বাজারে জামায়াত-শিবিরের কর্মীরা বিক্ষোভ করেন। এ সময় শঠিবাড়ী বাজারে অবস্থিত দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রবিউল ইসলামের পাটের গুদামে আগুন দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন আগুন নেভায়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, মানুষ যখন ঘুমিয়ে থাকে, ঠিক তখনই জামায়াত-শিবির ব্যাটারিচালিত করাত দিয়ে এসব গাছ কেটে মহাসড়ক অবরোধ করে। মিঠপুকুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।