নির্বিচারে জাটকা নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনাসহ দক্ষিণ উপকূলের নদ-নদী ও সাগর মোহনা থেকে ১৫ দিন ধরে নির্বিচারে জাটকা নিধন করা হচ্ছে। দক্ষিণাঞ্চলের বাজারগুলোতে প্রতিদিন হাজার হাজার মণ জাটকা বিক্রি হচ্ছে। এতে ইলিশ উৎপাদনে মারাত্মক ধস নামতে পারে বলে আশঙ্কা করছেন মৎস্য বিশেষজ্ঞেরা।
সরকার ইলিশ মাছ রক্ষায় উপকূলের নদ-নদীতে সাড়ে তিন ইঞ্চির কম ফাঁসের জাল ব্যবহার নিষিদ্ধ করেছে। কিন্তু বর্তমানে উপকূলের নদ-নদীতে ছোট ফাঁসের জাল নিয়ে প্রতিদিন লাখ লাখ জাটকা ইলিশ নিধন করা হচ্ছে।
মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ইলিশ উৎপাদন বৃদ্ধির জন্য গত বছরের ১ নভেম্বর থেকে আগামী ৩০ জুন পর্যন্ত উপকূলীয় এলাকার নদ-নদী ও সাগর মোহনায় জাটকা মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার।
মৎস্য অধিদপ্তরের ইলিশ ও জাটকা রক্ষা এবং জেলেদের পুনর্বাসন প্রকল্পের পরিচালক জাহিদ হাবিব গত বুধবার বলেন, জাটকা ধরার নিষেধাজ্ঞা চলাকালীন জেলেদের পুনর্বাসনে উপকূলের তিন লাখ ৬৬ হাজার জেলে পরিবারকে মাসিক ৫০ কেজি করে পাঁচ মাস (ফেব্রুয়ারি থেকে জুন) খাদ্য সহায়তা দেওয়ার জন্য ৯১ হাজার ৬০০ মেট্রিক টন চাল সহায়তা চেয়ে প্রস্তাব ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ১৯ জেলার ১০০টি উপজেলায় এই সহায়তা দেওয়া হবে। মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী, নিষেধাজ্ঞাকালীন জাটকা ইলিশ ধরা, সংরক্ষণ, পরিবহন ও বিপণন দণ্ডনীয় অপরাধ।
বরগুনা, পটুয়াখালী ও বাগেরহাট জেলার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, এসব এলাকার নদ-নদী ও বাজারগুলোতে প্রতিদিন কয়েক হাজার মণ জাটকা বিক্রি করা হচ্ছে। ছোট ফাঁসের কারেন্ট জাল ও ভাসাজাল, সাইনজাল দিয়ে বরগুনার বলেশ্বর নদ, বিষখালী ও পায়রা নদী ও পটুয়াখালীর আন্ধারমানিক ও বঙ্গোপসাগরের মোহনা থেকে জেলেরা এসব জাটকা ধরছেন।
সপ্তাহ খানেক আগে বরগুনা সদরের মাছখালী জেলে পল্লিসংলগ্ন বিষখালী নদীতীরে গিয়ে দেখা যায়, ৩০০-৩৫০টি ছোট নৌকায় জেলেরা জাটকা শিকার করছেন। মাছখালী জেলেপল্লির বাসিন্দা মকবুল চৌকিদার জানান, এক সপ্তাহ ধরে নদীতে জাটকা ধরা পড়ছে। তিনি জানান, বিষখালী নদীর ডালভাঙা থেকে বরইতলা ফেরিঘাট পর্যন্ত প্রায় চার কিলোমিটার নদীর দুই পাড়ে কমপক্ষে ২০০ জেলে প্রতিদিন মাছ ধরেন। ডালভাঙা থেকে পশ্চিমে নিশানবাড়িয়া পর্যন্ত বিষখালীতে আরও ৬০০ জেলে মাছ ধরেন।
পাথরঘাটার বলেশ্বর নদ তীরের রুহিতা গ্রামের জেলে আবুল কালাম মাঝি জানান, বাদুড়তলা থেকে চরদুয়ানি পর্যন্ত প্রায় ৫০০ জেলে জাটকা ধরেন। তালতলী উপজেলার জয়ালভাঙা এলাকার জেলে মো. আলম জানান, জয়ালভাঙা, নিশানবাড়িয়া, নলবুনিয়া হয়ে বঙ্গোপসাগর মোহনা পর্যন্ত পায়রা নদীতে প্রতিদিন প্রায় দেড় হাজার জেলে মাছ ধরেন।
পাথরঘাটা ও চরদুয়ানি মৎস্য অবতরণ কেন্দ্রের কয়েকজন ব্যবসায়ী পরিচয় গোপন রাখার শর্তে জানান, এক সপ্তাহ ধরে উপকূলের মৎস্য কেন্দ্রগুলোতে জাটকা ইলিশ আসছে এবং তা ১১-১২ হাজার টাকা মণ দরে বিক্রি হচ্ছে। বরগুনা শহরের বাজারেও প্রতিদিন বিপুল পরিমাণ জাটকা বিক্রি হতে দেখা যাচ্ছে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের প্রধান সুলতান আহমেদ বলেন, জাটকা নিধন বন্ধ করা না গেলে ইলিশ সংরক্ষণের উদ্যোগ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। জেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা বঙ্কিম চন্দ্র বিশ্বাস বলেন, ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত পাঁচ মাস জেলার সাড়ে ১২ হাজার জেলেকে ৫০ কেজি করে ভিজিএফ সহায়তার চাল দেওয়া হবে। এ ছাড়া উপজেলা মৎস্য কর্মকর্তাকে জাটকা নিধন বন্ধে অভিযান চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।