নির্বিচারে পাহাড় কেটে বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী বায়েক ইউনিয়নে একটি সংঘবদ্ধ চক্র নির্বিচারে পাহাড় কেটে চলেছে৷ মাটি বিক্রি করতেই অবৈধভাবে কাটা হচ্ছে এসব পাহাড়৷ চক্রটি প্রভাবশালী হওয়ায় প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সুফল মিলছে না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী৷
খোঁজ নিয়ে জানা যায়, ইউনিয়নের কোল্লাপাথর, মাদলা, নোয়াপাড়া, ধোপাখলা, সাগরতলা ও বেলতলী গ্রামে অবাধে পাহাড় কাটা হচ্ছে৷ সবচেয়ে বেশি পাহাড় কাটছেন কোল্লাপাথর গ্রামের আক্তার মিয়া এবং মাদলা গ্রামের হালিম মিয়া৷ অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে আক্তার মিয়া কারাভোগও করেছেন৷ কারাগার থেকে জামিনে বেরিয়ে আবারও পাহাড় কাটছেন তিনি৷
২৫ জানুয়ারি সরেজমিনে দেখা যায়, কোল্লাপাথর গ্রামের পাহাড় থেকে আক্তার মিয়ার লোকজন মাটি কাটছে৷ মাটিভর্তি কয়েকটি ট্রাক্টর চলে যাচ্ছে৷ এ সময় ছবি তুলতে গেলে ট্রাক্টরচালকসহ মাটি কাটার শ্রমিকেরা পালিয়ে যান৷ পরে রাস্তায় একটি ট্রাক্টরের চালক আল-আমিনকে পাওয়া যায়৷ তিনি জানান, তিনিও কোল্লাপাথর গ্রামের পাহাড় থেকে আক্তার মিয়ার কাটা মাটি বহন করেন৷ এখান থেকে মাটি নিয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার একটি কলেজের মাঠ ভরাট করা হচ্ছে৷ প্রতি খেপে তিনি ৯০০ টাকা ভাড়া পান৷
তবে আক্তার মিয়া বলেন, ‘আমি তো পাহাড় কাটার জন্য চাইর মাস জ্যাল খাইট্টা আইছি৷ এহন আর পাহাড় কাডি না৷ অন্য লোকেরা পাহাড় কাটলেও আমার নাম কয়৷ কিছুদিন আগেও আমার পাহাড় থেইক্যা মাডি কাইট্যা নেওয়নের সুময় একটা ট্রাক আটকাইছিলাম৷ পাহাড় সগলেই কাডে৷ দুষ খালি আমার হয়৷’ কৈখলা গ্রামের রুমি ভূঁইয়া বলেন, ‘অবাধে পাহাড় কেটে শেষ করে ফেলা হচ্ছে৷ প্রশাসন অভিযান চালালে কিছুদিন বন্ধ থাকে৷ তারপর আবার যেই সেই৷ শীত মৌসুমে নির্মাণকাজ বেশি হওয়ায় এখন এলাকায় পাহাড় কাটাও চলছে ধুমছে৷’ তিনি অভিযোগ করেন, প্রশাসনকে মাসোহারা দিয়েই চক্রটি পাহাড় কাটছে৷
বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া বলেন, ‘ছোট-বড় মিলিয়ে এলাকার অন্তত ১০টি পাহাড় থেকে বর্তমানে মাটি কাটা হচ্ছে৷ এ কাজে জড়িত চক্রটি খুবই প্রভাবশালী৷ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের বহুবার জানানো হয়েছে৷ কিন্তু কোনো কাজ হয়নি৷ প্রতি ট্রাক মাটি ১০০ টাকা করে বিক্রি করা হচ্ছে৷’ তিনি আরও জানান, সারা দিন মাটি বহনকারী ভারী ট্রাক্টর চলায় এলাকার রাস্তাগুলো ভেঙে যাচ্ছে৷ গ্রামের বাচ্চারা ছোটাছুটি করে খেলে৷ ট্রাক্টরগুলো তাদের জীবনের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে৷
অভিযোগ সম্পর্কে হালিম মিয়া দাবি করেন, তিনি যে পাহাড়টি কাটছেন, সেটি পৈতৃক সূত্রে তাঁরই৷ এক একর ৪০ শতক আয়তনের এই পাহাড়ের পাদদেশে তাঁর বাবার কবর আছে৷ গ্রামবাসীর স্বার্থে তিনি কবরস্থানের আয়তন বাড়াতেই পাহাড় কাটছেন৷ পরিবেশবাদী সংগঠন ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ উজ্জীবিত মঞ্চের আহ্বায়ক আইনজীবী জহিরুল ইসলাম ভূঁইয়া বলেন, এভাবে নির্বিচারে পাহাড় কাটা হলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে৷ এতে যেকোনো সময় ভূমিধসের আশঙ্কা তৈরি হচ্ছে৷
অবাধে পাহাড় কাটা ফৌজদারি অপরাধ৷ অপরাধের ব্যাপকতাভেদে কারাদণ্ড-জরিমানা হতে পারে৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল সাইফুর রহমান বলেন, সম্প্রতি দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে অভিযান চালানো সম্ভব হয়নি৷ শিগগিরই পাহাড় কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷ পাহাড় যাঁরা কাটছেন, তাঁদের কাছ থেকে মাসোহারা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন ইউএনও৷