নির্বিচারে বালু তোলায় ঝুঁকিতে বিভিন্ন স্থাপনা
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে নির্বিচারে বালু তোলা হচ্ছে৷ এতে উপজেলা পরিষদ, সরকারি খাদ্যগুদাম ও শত বছরের পুরোনো বাজারসহ বিভিন্ন শিল্পকারখানা ঝুঁকির মধ্যে পড়েছে৷ স্থানীয়দের অভিযোগ, ইজারাদার চুক্তির শর্ত ভঙ্গ করে নদী থেকে নির্বিচারে বালু তোলায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, শীতলক্ষ্যা নদীর গাজীপুরের কালীগঞ্জ-১ অংশ ইজারা নিয়ে টানা তিন বছর বালু তুলেছেন কনক এন্টারপ্রাইজের মালিক ও স্থানীয় আওয়ামী লীগের কর্মী শওকত আকবর ওরফে কনক। ইজারাচুক্তির শর্ত অনুযায়ী, নদী ১২ ফুটের বেশি গভীর করা যাবে না ও নদীর তীর যাতে না ভাঙে সেভাবে বালু তুলতে হবে৷ কিন্তু ইজারাদার নদীতে ৫০ থেকে ৬০ ফুট গভীর গর্ত করে ড্রেজার দিয়ে বালু তুলেছেন। গত ৩০ চৈত্র ইজারার মেয়াদ শেষ হয়৷ নতুন করে বালুমহাল আর ইজারা দেওয়া হয়নি৷ এর পরও বালু তোলা বন্ধ হয়নি।
এলাকাবাসী জানান, নদীর তীর এলাকায় গভীর গর্ত করায় তিন বছরে গোসলে নেমে পাঁচজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় গ্রামবাসী ইজারাদারের বিরুদ্ধে বিক্ষোভসহ বালু তোলা বন্ধের দাবি জানিয়ে প্রশাসনের কাছে চিঠি দিয়েছেন। কিন্তু কোনো লাভ হয়নি।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার বালিগাঁও শ্মশানঘাট এলাকায় নদীর পাড় ঘেঁষে ৬০ ফুটের বেশি গর্ত করে বালু তোলা হয়েছে। এতে নদীর তীর ১০০ ফুটেরও বেশি ধসে গেছে। উপজেলা পরিষদ, সরকারি খাদ্যগুদাম, শত বছরের পুরোনো বাজারের অস্তিত্বও মারাত্মক হুমকির মধ্যে পড়েছে৷ এ ছাড়া, সেভেন রিংস সিমেন্ট কারখানা, আবুল খায়ের সিরামিক, প্রাণ গ্রুপের প্রতিষ্ঠান, একটি জুট মিলসহ বিভিন্ন শিল্পকারখানার অস্তিত্বও হুমকির মুখে৷ এসব প্রতিষ্ঠানের পাশ থেকে ছয়টি ড্রেজার দিয়ে অবিরাম বালু তোলা হচ্ছে৷
এ ব্যাপারে শওকত আকবর ওরফে কনকের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
উপজেলা খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহাবুদ্দিন বলেন, খাদ্যভান্ডারটি একেবারেই শীতলক্ষ্যার তীর ঘেঁষে অবস্থিত৷ যাচ্ছেতাই বালু তোলার কারণে স্থাপনাটি যেকোনো সময় ধসে পড়তে পারে৷
কালীগঞ্জ বাজার কমিটির সভাপতি পৌর মেয়র লুৎফর রহমান বলেন, এভাবে বালু তোলা অব্যাহত থাকলে একসময় বাজারের অস্তিত্ব নিশ্চিহ্ন হয়ে যাবে৷
আবুল খায়ের সিরামিকের ব্যবস্থাপক (প্রশাসন) সাহাদত হোসেন বলেন, কারখানার পাশ থেকে অপরিকল্পিতভাবে বালু তোলা হচ্ছে৷ এতে বাধা দিলেও কোনো লাভ হচ্ছে না।
কালীগঞ্জ বাজার এলাকার ব্যবসায়ী সারাফত আলী জানান, যাঁরা বালু তুলছেন, তাঁরা প্রভাবশালী। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে। তিনি কয়েকবার অভিযান চালিয়েছেন৷ তবে বালু তোলা বন্ধ হচ্ছে না।
ইউএনও কামরুল আহসান তালুকদার বলেন, এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে সুপারিশ পাঠানো হয়েছে৷
জেলা প্রশাসক নূরুল ইসলাম বলেন, বালু তোলা বন্ধের জন্য অভিযান চালাতে ইউএনওকে নির্দেশ দেওয়া হয়েছে৷