নির্বিচারে বৃক্ষনিধন বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে সেতুর সংযোগ সড়ক নির্মাণের দোহাই দিয়ে নির্বিচারে বৃক্ষনিধন বন্ধের দাবি জানিয়েছেন সুনামগঞ্জের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুল, জেলা ফরেস্ট রেঞ্জার এবং পরিবেশ আন্দোলনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করতে বলেন। গতকাল পর্যন্ত চার দিন ধরে সুনামগঞ্জ-সিলেট সড়কে গাছ কাটা চলছে। এর আগে গত জুন-জুলাই মাসে একইভাবে ৩২৬টি গাছ কাটা হয়। এবার কাটা হবে ২১৫টি গাছ।
পৌর মেয়র জানান, নির্বিচারে গাছ কাটার কথা শুনে তিনি সেখানে যান এবং গাছ কাটা বন্ধ করতে বলেন। পরে তিনি সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে এ নিয়ে কথা বলেন। পৌর মেয়র আয়ূব বখত জগলুল বলেন, ‘সড়কের উন্নয়ন হবে, সেতু নির্মাণ হবে—এটা সবাই চায়। কিন্তু যেখানে প্রয়োজন নেই, সেখানেও নির্বিচারে বৃক্ষনিধন চলছে। এটা দেখলে যে কারোরই খারাপ লাগবে।’
জেলা ফরেস্ট রেঞ্জার এ কে এম জহিরুল হক বলেন, ‘যাঁরা গাছ কাটছেন, তাঁরা কোনো আইন মানছেন না। আমরা গাছ কাটা বন্ধ করতে বলে এসেছি। শনিবার সওজ বিভাগের সঙ্গে বৈঠক হবে। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’