নির্ভয়ে ভোট দিতে যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলম ভোটারদের নির্ভয়ে ভোট দিতে যাওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল শুক্রবার নির্বাচনী প্রচারণা চলাকালে মতিঝর্ণা এলাকায় এক পথসভায় তিনি এ আহ্বান জানান। 
মনজুর আলম গতকাল লালখান বাজার, আমবাগান, বাটালি হিল ও মতিঝর্ণা এলাকায় প্রচারণা চালান। গতকালের প্রচারণার সময় একবারই পথসভায় বক্তব্য দেন তিনি। এ সময় মনজুরকে ঘিরে ছিল সহস্রাধিক কর্মী-সমর্থকের ভিড়।
গতকাল মনজুর আলমের প্রচারণা শুরু হয় লালখান বাজার মোড় থেকে। বিকেল চারটা থেকে কর্মী-সমর্থকেরা সেখানে জড়ো হতে থাকেন। মাইকে চলছিল কমলালেবু প্রতীকের পক্ষে স্লোগান। ভিড় জমতে শুরু করার পর কাছাকাছি থাকা আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিনের নির্বাচনী প্রতীক হাতির একটি প্রতিকৃতি একটু সামনে এনে ভিড়ের কাছে রাখা হয়। আর রিকশায় লাগানো একটি মাইক থেকে উচ্চ স্বরে প্রচার চলছিল হাতি প্রতীকের।
বিকেল সাড়ে চারটার দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান সেখানে আসেন। তিনি মাইক হাতে নিয়ে বলেন, ‘সবাই শান্ত থাকুন। আচরণবিধি মেনে চলুন।’ এ সময় পুলিশ সদস্যরা হাতির প্রতিকৃতি চারদিক থেকে ঘিরে রাখেন। এরপর সেখানে আসেন মনজুর। খোলা ট্রাক থেকে টেলিভিশন সাংবাদিকদের সংক্ষিপ্ত সাক্ষাৎকার দিয়ে মনজুর চানমারী রোড হয়ে পশ্চিম বাঘঘোনা, আমবাগান ও বাটালি হিলে প্রচারণা চালান। মতিঝর্ণা এলাকায় পথসভায় বক্তব্য দেন তিনি। এ সময় মনজুর আলম সড়ক দেখিয়ে বলেন, ‘এই রাস্তা করেছিলাম। পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছে, তাদের জন্য ছয়তলা ভবন করা হচ্ছে। ঝড়-বৃষ্টিতে ছুটে এসেছিলাম আপনাদের কাছে। আরও কাজ বাকি আছে। আবারও সুযোগ দেন।’ তিনি বলেন, ‘আপনাদের ভয় নেই। নির্ভয়ে ভোট দিতে যান।’
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, ‘দেশে সন্ত্রাস-হানাহানি চলছে। এ সময় প্রয়োজন সাদামনের মানুষের। যাঁর পেছনে সন্ত্রাসের দাগ নেই। সন্ত্রাস লালন করেননি।’
মতিঝর্ণার বস্তি এলাকার সরু গলি পার হওয়ার সময় বিভিন্ন প্রার্থীর ব্যানার আটকে যাচ্ছিল মনজুরকে বহনকারী ট্রাকে লাগানো খুঁটির সঙ্গে। কখনো নোমান, কখনো মনজুর সেসব ব্যানার সরিয়ে পার হন। ইস্পাহানি মোড়ে গিয়ে প্রচারণা শেষ করেন মনজুর।