ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জনগণ যাতে স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে পারে, সেই লক্ষ্যে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ তৈরির জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী।
গতকাল রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতের আমির বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থক ও কর্মীদের ওপর অব্যাহত হামলা ও গ্রেপ্তারের ঘটনা ঘটছে। মাঠপর্যায়ে সেনা মোতায়েনের দাবি মেনে না নেওয়ায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিয়ে জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। হামলার ভয়ে কর্মীরা আতঙ্কিত থাকার কারণে বিরোধী দলের অনেক প্রার্থী এখনো সব কেন্দ্রে এজেন্ট নিয়োগ দিতে পারছেন না।
বিবৃতিতে একটি স্বচ্ছ, শান্তিপূর্ণ এবং সব দলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য মাঠপর্যায়ে সেনাবাহিনী মোতায়েনের আহ্বান জানানো হয়। এতে বলা হয়, ভোটাররা যাতে নির্ভয়ে স্বাধীনভাবে তাঁদের প্রতিনিধি নির্বাচনের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, সে সুযোগ নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশন ও সরকারের। দেশের বিদ্যমান গোলযোগপূর্ণ রাজনৈতিক পরিবেশকে শান্তি ও স্থিতিশীলতার দিকে ফিরিয়ে নেওয়ার জন্য আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সুষ্ঠু করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।