নির্ভরশীলতা কাটাতে ভারতের সঙ্গে প্রতিরক্ষা সমঝোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

ভারতের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে তিনটি সামঝোতা স্মারক সই প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশ ৭০ থেকে ৮০ ভাগ সামরিক সরঞ্জাম কেনে চীন থেকে। ভারত থেকে সামরিক সরঞ্জাম ক্রয় বাংলাদেশের ক্রয়কে আরও বহুমুখী ও প্রতিযোগিতামূলক করা এবং নির্দিষ্ট কোনো নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসার একটি পদক্ষেপ।
গতকাল সোমবার দুপুরে সচিবালয়ের তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইতালিসহ বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে ১০টি চুক্তি রয়েছে।
ভারতের সঙ্গে প্রতিরক্ষা বিষয়ে করা সমঝোতার বিরোধিতাকারীদের সমালোচনা করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সব বিষয়ে ভারতের সঙ্গে সমঝোতা ও সহযোগিতা করা যাবে কিন্তু সামরিক বা প্রতিরক্ষা বিষয়ে করা যাবে না, এই মনোভাবের মধ্যে পাকিস্তানি বস্তাপচা ‘শত্রু শত্রু খেলা’ দৃষ্টিভঙ্গি লুকিয়ে আছে। চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইতালি থেকে সামরিক সরঞ্জাম ক্রয় করা যাবে কিন্তু ভারত থেকে ক্রয় করা যাবে না—এটা ওই রাজনীতির দৃষ্টিভঙ্গি।
তথ্যমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে আগে থেকেই সামরিক ক্ষেত্রে যৌথ মহড়া, যৌথ অনুশীলন, উচ্চ পর্যায়ের সফর, প্রতিরক্ষা কলেজগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি, দুই বছর অন্তর প্রতিরক্ষা সংলাপসহ বিভিন্ন সহযোগিতা রয়েছে। সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে সহযোগিতার বিদ্যমান ক্ষেত্রগুলোকেই প্রাতিষ্ঠানিক কাঠামোগত রূপ দেওয়া হয়েছে। তিনি বলেন, ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো বাংলাদেশের সেনাবাহিনীকে কোনো হুমকিতে ফেলবে না, বিপদেও ফেলবে না। তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যেরও সমালোচনা করেন। তিনি বলেন, খালেদা জিয়া চিরাচরিত ঢালাও বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, কোন সমঝোতা স্মারকটি দেশের স্বার্থবিরোধী সেটা যেন বিএনপি উল্লেখ করে, না হলে খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।