
এত দিন অমর একুশে গ্রন্থমেলায় একটা খুব পরিচিত দৃশ্য ছিল। মেলায় ঢোকার আগেই গরমের সাক্ষাৎ মিলত। সে আপনি টিএসসির দিক থেকেই আসুন, কিংবা দোয়েল চত্বর দিয়ে। দেখা যেত, মোড়েই বসে গেছে দোকানের সারি। ভাজা হচ্ছে পেঁয়াজু, বেগুনি, চিংড়ির মাথা। সঙ্গে তো ধোঁয়া ওড়া চা আছেই। থাকত দোকানের খুদে প্রতিনিধিদের বিরামহীন হাঁকডাক।
এবার এই চিত্রটা একেবারেই ভুলে যান। এমন দৃশ্য আর চোখে পড়বে না। প্রথম দিন সোমবার এবং গতকাল মঙ্গলবার যে এর কোনো কিছুরই দেখা মেলেনি। বরং মিলেছে বড় পরিসরে, ছিমছাম সাজানো একটি মহা আয়োজন।

দ্বিতীয় দিন গতকাল মানুষ এসেছিল অনেক। তবে বিক্রিবাট্টা সে অনুপাতে হয়নি। এখন বই কেনার চেয়ে মেলায় একটু ঘুরেফিরে বিকেলটি কাটিয়ে আসাই প্রধান উদ্দেশ্য অধিকাংশ মানুষের। সংবাদমাধ্যমের কাছে কর্তৃপক্ষ বারবার জানান দিচ্ছে, নিরাপত্তার বিষয়ে এবার সর্বোচ্চ সতর্ক তারা। বিকেলে বাংলা একাডেমির ‘মোদের গরব’ ভাস্কর্যের পাশে ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্টল উদ্বোধন করতে এসেছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মেলায় আসার আহ্বান জানালেন তিনি। বললেন, ‘নির্ভয়ে মেলায় আসুন। গ্রন্থমেলা আমাদের প্রাণের মেলা।’ মন্ত্রী আরও বললেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশ কখনো পাঁচটি উৎসবের কারণে অন্ধকারে ফিরে যাবে না। এই পাঁচটি উৎসব হলো একুশে ফেব্রুয়ারি, অমর একুশে গ্রন্থমেলা, স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও পয়লা বৈশাখ। এই উৎসবগুলো সব চক্রান্ত উপেক্ষা করে জীবনের পথে বাঙালিকে উৎসাহিত করে।’
আলোচনা-আড্ডায় মুখর মেলা: বর্ধমান হাউসের পাশে মূল মঞ্চে শুরু হয়েছে ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান। বিকেল চারটায় এখানে অনুষ্ঠিত হয় ‘বাংলা একাডেমির হীরকজয়ন্তী: বাংলা একাডেমিকে ফিরে দেখা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন শফিউল ইসলাম। আলোচনায় অংশ নেন ফজলে রাব্বি, আজিজুর রহমান, বেগম আকতার কামাল ও মোহিত কামাল। সভাপতিত্ব করেন অধ্যাপক মোহাম্মদ আবদুল কাইউম। আলোচকেরা বলেন, ‘হীরকজয়ন্তীতে পৌঁছে বাংলা একাডেমি নিশ্চিতভাবেই বলতে পারে, এ প্রতিষ্ঠান আজ বাঙালি জাতির হৃৎস্পন্দনে রূপ নিয়েছে। বুদ্ধিবৃত্তিক চর্চার এই মহৎ প্রতিষ্ঠানে এ দেশের সেরা লেখকবৃন্দ যে পারিবারিক আবহে কাজ করেছেন, আড্ডা দিয়েছেন, আজ তা আমাদের জাতীয় সাহিত্য-সংস্কৃতির ইতিহাসের অংশ।’

প্রকাশনা প্রতিষ্ঠান অ্যাডর্ন পাবলিকেশনসে দেখা গেল কয়েকজন ভিনদেশি লেখকের আড্ডা। এই কাতারে ছিলেন মরক্কোর কবি বেনাইসা বোমালা, তাইওয়ানের কবি লি কুই শিন, সুইডেনের কবি বেনট্ বার্গ, স্লোভাকিয়ার কবি মিলান রিচার, তাইওয়ান থেকে আসা লিন
ফু-এর, লি রুই-ইং, ফাং ইয়াও-চিয়েন, তাই চিন-চু, চেন জিয়াও-জেন। কথা বলে জানা গেল, এদের সবারই অনুবাদের বই গ্রন্থমেলায় এসেছে। আজ বাংলা একাডেমির কবিতা উৎসবে অংশ নেবেন তাঁরা।
মেলায় আসা নতুন বই: মুক্তিযুদ্ধ নিয়ে মূলধারা ’৭১-এর লেখক মঈদুল হাসানের আরও একটি গুরুত্বপূর্ণ বই উপধারা একাত্তর: মার্চ-এপ্রিল। প্রথমা প্রকাশন এনেছে বইটি। প্রতিষ্ঠানটির বিক্রয় সমন্বয়কারী মোহাম্মদ ইউসুফ জানান, এ বইয়ের বিষয় ১৯৭১-এর ২৫ মার্চের গণহত্যার ঠিক আগের ও পরের সংশয়, উদ্বেগ, আতঙ্ক আর স্বপ্নে মেশা ঘটনাপ্রবাহ। মঈদুল হাসানের ব্যক্তিগত স্মৃতিচারণা এটি।

বাংলা একাডেমির দেওয়া তালিকা অনুযায়ী গতকাল সাতটি নতুন বই মেলায় এসেছে। এর মধ্যে কথাপ্রকাশ এনেছে যতীন সরকারের সাঁকো বাঁধার প্রত্যয়, অনুপম এনেছে মুহম্মদ জাফর ইকবালের অন্য জীবন, আগামী এনেছে রফিকুল ইসলামের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও কর্নেল শওকত আলীর গণপরিষদ থেকে নবম জাতীয় সংসদ।
সাজসজ্জা চলছেই: স্টলের সাজসজ্জার কাজ দ্বিতীয় দিনেও শেষ হয়নি। একাডেমি স্টল সজ্জার জন্য প্রকাশনা সংস্থাগুলোকে ২৭ জানুয়ারি সময় বেঁধে দিলেও মেলার দ্বিতীয় দিনেও স্টল সাজাতে পারেনি বেশ কিছু সংস্থা। সেই সঙ্গে একাডেমিও মেলা প্রাঙ্গণে এখনো পর্যাপ্ত আলোর ব্যবস্থা, মিডিয়া সেন্টার, শৌচাগার নির্মাণ, ওয়াই-ফাই সংযোগ করতে পারেনি। এ ছাড়া স্ক্রিনে পুরো মেলা দেখার ডিজিটাল নির্দেশনা, মেলার ভেতরে মশা নিধন কার্যক্রম, স্ক্রিনের মাধ্যমে মেলা মঞ্চের দৃশ্য মেলার অন্য পাশে দেখানোর ব্যবস্থাসহ অনেক কাজই এখনো বাকি।
এসব বিষয়ে মেলা পরিচালনা কমিটির সদস্যসচিব জালাল আহমেদ বলেন, ‘কয়েকটি স্টল এখনো কাজ শেষ করতে পারেনি। তাদেরকে মঙ্গলবারের মধ্যে কাজ শেষ করার তাগিদ দিয়েছি আমরা। কাজ শেষ করতে না পারলে বুধবার থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ সেই সঙ্গে বুধবারের মধ্যে শৌচাগার নির্মাণের কাজ শেষ হবে বলে জানান তিনি।
আজ কবিতার দিন: অমর একুশে এবং বাংলা একাডেমির হীরকজয়ন্তী উদ্যাপন উপলক্ষে মেলায় বিভিন্ন কর্মসূচির কথা আগেই জানিয়েছিল বাংলা একাডেমি কর্তৃপক্ষ। এ পর্যায়ে আজ ৩ ফেব্রুয়ারি বাংলা একাডেমিতে স্লোভাকিয়া, মরক্কো, সুইডেন, চীন, তাইওয়ান, যুক্তরাজ্য, ভারত ও বাংলাদেশের কবিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে দিনব্যাপী আন্তর্জাতিক কবিতা উৎসব। সকাল ১০টায় উৎসবের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে। বিকেল চারটায় মেলার মূল মঞ্চে কবিতাপাঠে অংশ নেবেন বাংলাদেশে নানা প্রজন্মের কবিরা।