নির্মম নির্যাতন, ২০ হাজার টাকায় সমঝোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন সেট ও ট্যাব চুরির অপবাদ দিয়ে দুই দিন ঘরে আটকে গৃহপরিচারিকার ওপর নির্মম নির্যাতন করা হয়৷ পরে তাঁর কিশোরী মেয়েকে ডেকে এনে তাকেও পেটানো হয়৷ গত বুধবার সন্ধ্যা সাতটার দিকে যশোর শহরের স্টেডিয়ামপাড়ার এক ছাত্রীনিবাস থেকে ওই মা-মেয়েকে উদ্ধার করে পুলিশ৷ আটক করে পাঁচ ছাত্রীকে৷
ওই ছাত্রীদের অভিভাবকেরা গতকাল বৃহস্পতিবার নির্যাতিত গৃহপরিচারিকাকে ২০ হাজার টাকা দিয়ে ঘটনার মীমাংসা করেন৷
বিষয়টি নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক হেমায়েত হোসেন প্রথম আলোকে বলেন, উভয়পক্ষ আপস-মীমাংসা করেছেন৷ লিখিত আপসনামা থানায় জমা দেওয়ার পরে আটক পাঁচ ছাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে৷
তবে আপসের ঘটনায় সন্তুষ্ট নন নির্যাতনের শিকার গৃহপরিচারিকা৷ বুধবার রাতে তিনি প্রথম আলোকে বলেন, তিনি স্টেডিয়ামপাড়ার একটি ছাত্রীনিবাসসহ কয়েকটি স্থানে রান্নার কাজ করেন৷ মাসে তিন হাজার টাকা আয় করেন৷ ওই টাকায় এক মেয়েকে এবার এসএসসি পাস করিয়েছেন৷ মঙ্গলবার সকাল সাতটার দিকে ছাত্রীনিবাসে রান্না করে বাড়িতে ফেরার সময় মেয়েরা তাঁকে একটি ঘরে আটকে বলেন, মোবাইল আর ট্যাব চুরি করেছিস কেন? ফেরত দে৷ চুরির কথা অস্বীকার করলে আট ছাত্রী তাঁর দুই হাত আর দুই পায়ে লাঠি দিয়ে বেদম পেটাতে থাকেন৷ দুই হাতের আঙুলের মধ্যে সুচ ফোটাতে থাকেন৷ পরে ছাত্রীরা স্থানীয় দুই ছেলেকে ডেকে আনেন৷ ওই ছেলেরা তাঁকে দিয়ে ফোন করিয়ে তাঁর মেয়েকে ডেকে এনে মারধর করেন৷ দুই িদন ধরে বাড়িতে না ফেরায় প্রতিবেশীরা ছাত্রীনিবাসে তাঁদের খোঁজ করতে এসে নির্যাতনের বিষয়টি জানতে পারেন এবং পুলিশে খবর দেন৷
আটক পাঁচ ছাত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার করে জানান, তাঁরা কাউকে মারেননি৷ স্থানীয় ছেলে রাজু ওই নারীকে মেরেছেন৷
নির্যাতনের ঘটনায় বুধবার রাতেই ওই গৃহপরিচারিকা ১১ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন৷ কিন্তু সমঝোতার কথা বলে আটক পাঁচ ছাত্রীকে ছেড়ে দেয় পুলিশ৷
গৃহপরিচারিকা বলেন, তিনি পুলিশকে বলেছিলেন আটক পাঁচ ছাত্রীকে আদালতে চালান দিতে৷ কিন্তু পুলিশ তাঁর ওপর চাপ দিয়ে সমঝোতা করতে বাধ্য করেছে৷ তাঁর চিকিৎসারও ব্যবস্থা করেনি৷