নির্মম নির্যাতনের শিকার দুই গৃহবধূ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের শিকার হয়ে দুই গৃহবধূ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তাঁদের একজন উপজেলার খাসগাঁও গ্রামের শাম্মি আক্তার (২৫), অপরজন ইছবপুর গ্রামের ফাহিমা আক্তার (২২)।শাম্মি ও ফাহিমা দুজনকেই ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন অংশে কেটে, আগুনের ছ্যাঁকা দিয়ে ও বেধড়ক পিটিয়ে নির্যাতন করা হয়েছে। শাম্মিকে নির্যাতন শেষে চুল কেটে দেওয়া হয়েছে।স্বামীর দ্বিতীয় বিয়েতে সম্মতি না দেওয়ায় শাম্মির ওপর বর্বরোচিত এই নির্যাতন চালানো হয়। আর সাড়ে চার লাখ টাকা যৌতুক দিতে না পারায় নির্যাতনের শিকার হন ফাহিমা। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। জানতে চাইলে গৃহবধূ শাম্মি বলেন, মৌলভীবাজার সদর উপজেলার উত্তর জগন্নাথপুর গ্রামের ফারুক মিয়ার সঙ্গে ২০১০ সালের নভেম্বরে তাঁর বিয়ে হয়। বিয়ের নয় দিন পর ফারুক দুবাই চলে যান। চলতি বছরের ৭ সেপ্টেম্বর তিনি দেশে ফিরে আসেন। দেশে ফিরে তিনি তাঁর চাচাতো বোনকে বিয়ে করতে চান। এতে তিনি সম্মতি না দেওয়ায় গত রবি ও সোমবার দুই দিন বাড়িতে আটকে রেখে দফায় দফায় তাঁর ওপর নির্যাতন চালানো হয়।হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণাকাতর কণ্ঠে শাম্মি বলেন, স্বামী ফারুক ও শাশুড়ি রিনা খান তাঁর হাত ও পায়ে গরম পাতিলের ছ্যাঁকা দিয়েছেন। ব্লেড দিয়ে পোঁচ দিয়েছেন শরীরের বিভিন্ন অংশে। তাঁর চুল কেটে দিয়ে বাড়িতে আটকে রাখা হয়। পরে তিনি বাড়ির পেছনের দরজা ভেঙে পালিয়ে গিয়ে বাবার বাড়িতে আশ্রয় নেন। সোমবার রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফাহিমা আক্তার বলেন, প্রায় দেড় বছর আগে উপজেলার কালাপুর ইউনিয়নের মীরনগর গ্রামের দুলাল মিয়ার সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের দুই মাস পর দুলাল দুবাই চলে যান। সাত মাস পর তিনি আবার দেশে ফেরত আসেন। দেশে ফিরে তিনি ফাহিমাকে বাপের বাড়ি থেকে সাড়ে চার লাখ টাকা এনে দিতে বলেন। এই টাকা দিতে না পারায় তাঁর ওপর চালানো হয় অমানুষিক নির্যাতন। স্বামী, শ্বশুর-শাশুড়ি মিলে তাঁকে নির্যাতন করেন। রোববার বিকেলে ব্লেড দিয়ে তাঁর হাত, পা, বুক ও পিঠে পোঁচ দিয়ে জখম করা হয়েছে। বেধড়ক পেটানো হয়েছে বাঁশের কঞ্চি দিয়ে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজীবুস শহীদ বলেন, শাম্মির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ছ্যাঁকার চিহ্ন রয়েছে। চিকিৎসার পর তাঁর অবস্থা কিছুটা উন্নতির দিকে। পুরোপুরি সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা বিনেন্দু ভৌমিক বলেন, ফাহিমাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। তাঁর দুই হাত, বুক, পিঠ ও পায়ে ব্লেডের কাটা দাগ রয়েছে। যোগাযোগ করা হলে ফাহিমার স্বামী দুলাল মিয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘অনৈতিক আচরণ ও বেয়াদবির কারণে তাঁকে (ফাহিমা) শাসন করা হয়েছে। এর বেশি কিছু নয়।’শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ বলেন, এ ঘটনায় ফাহিমার বাবা কুদরত আলী থানায় লিখিত অভিযোগ করেছেন। কিন্তু বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়ায় অভিযোগটি মামলা হিসেবে তালিকাভুক্ত করা হয়নি। শাম্মির স্বামী ফারুকের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া যায়নি। যোগাযোগ করা হলে সদর মডেল থানার ওসি অমূল্য কুমার চৌধুরী বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত (গত রাত সাড়ে নয়টা) কোনো মামলা হয়নি।