
দীর্ঘ ১৯ বছর পরও চুক্তি বাস্তবায়ন না হওয়ায় পার্বত্য চট্টগ্রাম এখন নির্মম বাস্তবতার মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা। তিনি বলেন, শাসক গোষ্ঠীর অপশাসনে পাহাড়িরা প্রায় বিলুপ্তির পথে।
নানা অজুহাতে গ্রেপ্তার, দমন-নিপীড়নের কারণে পাহাড়ের মানুষের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে। গতকাল শনিবার সকাল ১০টায় রাঙামাটি শহরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মাঠে আয়োজিত ছাত্র-জনসমাবেশে এসব কথা বলেন তিনি।
পাহাড়ি ছাত্র পরিষদের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২২তম সম্মেলন উপলক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহযোগী সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা বলেন, অব্যাহত অনুপ্রবেশের কারণে পাহাড়ের মানুষ এখন সংখ্যালঘু। অথচ ১৯৪৭ সালে অপাহাড়ির সংখ্যা ছিল মাত্র আড়াই শতাংশ। এখানে কোনো মানুষ নিরাপদ নয়। পার্বত্য চুক্তি মুছে ফেলার ষড়যন্ত্র হচ্ছে বলেও তিনি সমাবেশে অভিযোগ করেন।
পাহাড়িদের ভূমি ধীরে ধীরে বেদখল হয়ে যাচ্ছে, উল্লেখ করে সন্তু লারমা বলেন, পাহাড়িরা যুগ যুগ ধরে হিংস্র জন্তুদের সঙ্গে লড়াই করে জমি আবাদ করেছে। সেই জমির অধিকার তাঁরা হারিয়ে ফেলছে। ভূমি রক্ষা ও বেঁচে থাকার লড়াই-সংগ্রামে এগিয়ে আসার জন্য ছাত্রসমাজের প্রতি আহ্বান জানান তিনি।
পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাচ্চু চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. মহিউদ্দিন, বসুমিত্র চাকমা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. আমিরুল ইসলাম, জুম ইসথেটিক কাউন্সিলের (জাক) সভাপতি শিশির চাকমা, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি জি এম জিলানি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতা মো. নাসির উদ্দিন, জনসংহতি সমিতির সহযোগী সংগঠন যুব সমিতির রাজামাটি জেলা কমিটির সভাপতি টোয়েন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক চন্দ্রা ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য সুমন মারমা প্রমুখ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. আমিরুল ইসলাম বলেন, পাহাড়িরা নিজ ভূমিতে পরবাসী। যুগ যুগ ধরে ভোগ করা ভূমি, গাছ, বাঁশ প্রভৃতি তাদের কাছ থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে। এসব কারণে দুর্গম এলাকায় প্রতিবছর খাদ্যসংকট দেখা দিচ্ছে।
পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও সাংবিধানিক স্বীকৃতি না পাওয়া পর্যন্ত পাহাড়িদের মুক্তি আসবে না বলে সমাবেশে মন্তব্য করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. মহিউদ্দিন।
এদিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের রুপকারী উচ্চবিদ্যালয় মাঠে পাহাড়ি ছাত্র পরিষদের (এম এন লারমা) প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন উপলক্ষে ছাত্র সমাবেশে করা হয়েছে। গতকাল বেলা ১১টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এম এন লারমা-সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি অংচাংথুই মারমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জনসংহতি সমিতির (এম এন লারমা) কেন্দ্রীয় সভাপতি সুধাসিন্দু খীসা, খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, বাঘাইছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুদর্শন চাকমা, জনসংহতি সমিতির যুববিষয়ক সম্পাদক প্রণব চাকমা প্রমুখ।