নির্মল সেনকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও বাম রাজনীতিক নির্মল সেন গুরুতর অসুস্থ। তাঁকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর জন্য কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থা করা হয়েছে।গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার দীঘিরপাড় গ্রামে দীর্ঘদিন ধরে বসবাস করছেন নির্মল সেন। গত শনিবার গ্রামের বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এনে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। নির্মল সেনের ভাইপো কংকন সেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বর্তমানে নির্মল সেন বক্ষব্যাধি বিশেষজ্ঞ সাইদুল ইসলাম ও নিউরোলজি বিভাগের সিরাজুল হকের তত্ত্বাবধানে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে নির্মল সেনের রোগমুক্তির জন্য দোয়া কামনা করা হয়েছে।শনিবার ঢাকায় রওনা হওয়ার প্রক্কালে পরিবারের সদস্য ও স্থানীয় সাংবাদিকদের কাছে জীবনের শেষ চার ইচ্ছা ব্যক্ত করেন নির্মল সেন। তিনি বলেন, জীবনের শেষ ইচ্ছা নিজ বাড়িতে একটি মহিলা কলেজ নির্মাণ করা। মৃত্যুর পর তাঁর দেহ কোনো মেডিকেল কলেজে দান করতে হবে। মওলানা ভাসানী মৃত্যুর সময় নির্মল সেনকে যে কথাগুলো বলে গিয়েছেন, তা বাম রাজনৈতিক নেতাদের নিয়ে সংবাদ সমেঞ্চলনের মাধ্যমে প্রকাশ করা। আর মৃত্যুর পর রাষ্ট্রীয়ভাবে কোনো পুরস্কার দেওয়া হলে সেটি গ্রহণ না করা।নির্মল সেন যখন কথাগুলো বলেন, তখন কংকন সেন, স্থানীয় সাংবাদিক মিজানুর রহমান ও পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এই চার ইচ্ছা তিনি লিখে রেখে গেছেন। ব্রিটিশবিরোধী আন্দোলনসহ সব গণতান্ত্রিক আন্দোলনেই সামনের সারিতে ছিলেন গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সভাপতি নির্মল সেন। তিনি ২০০৩ সালে ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন। এরপর তিনি দেশ ও বিদেশে চিকিৎসা নিয়েছেন।