নির্মল সেনকে শেষ শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনুষ্ঠানিকতা ও শ্রদ্ধাঞ্জলি শেষে বাম রাজনীতিক, সাংবাদিক নির্মল সেনের মরদেহ তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হস্তান্তর করা হয়েছে।এর আগে গতকাল বেলা ১১টার দিকে তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়। এ সময় তাঁর মরদেহ লাল পতাকা দিয়ে ঢাকা ছিল।রাষ্ট্রপতির পক্ষে তাঁর একান্ত সচিব মোমিনুল ইসলাম নির্মল সেনের কফিনে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর প্রয়াত এই সাংবাদিকের পরিবার থেকে শ্রদ্ধা জানানো হয়।আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাকসহ অন্যান্য নেতা-কর্মী ফুল দিয়ে নির্মল সেনের প্রতি শ্রদ্ধা জানান। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার পক্ষে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকাসহ অন্য নেতারা নির্মল সেনের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনকালে সিপিবির পলিটব্যুরো সদস্য হায়দার আকবর খান রনো প্রয়াত এই সাংবাদিককে আদর্শ, নিষ্ঠাবাদী ও সংগ্রামী হিসেবে উল্লেখ করেন।নির্মল সেনের প্রতি আরও শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, মাহমুদুর রহমান মান্না প্রমুখ। এ ছাড়া সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, সমাজতান্ত্রিক নাগরিক ঐক্য, বিপ্লবী নারী ফোরাম, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, সমাজচিন্তা ফোরাম, নিজেরা করিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের জনতা শ্রদ্ধা নিবেদন করে।এরপর ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মুক্তিযোদ্ধা হিসেবে নির্মল সেনকে গার্ড অব অনার প্রদান করে।এর আগে সকাল নয়টার দিকে নির্মল সেনের মরদেহ ল্যাবএইডের হিমঘরে থেকে তোপখানা রোডে দলীয় কার্যালয়ে নেওয়া হয়। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নেওয়া হয় জাতীয় প্রেসক্লাবে।প্রেসক্লাবে তাঁর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, সাব-এডিটরস কাউন্সিল, প্রেসক্লাব কর্মচারী ইউনিয়ন, কোটালীপাড়া প্রেসক্লাব, বাংলাদেশ কৃষক লীগসহ বিভিন্ন সংগঠন।জাতীয় প্রেসক্লাবের পক্ষে শ্রদ্ধাপত্র পাঠ করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ। এর আগে নির্মল সেনের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর সহকর্মী জ্যেষ্ঠ সাংবাদিকেরা বক্তব্য দেন।বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘তাঁর (নির্মল সেন) নামের মতো তিনিও নির্মল ছিলেন। তিনি অত্যন্ত নির্লোভ ছিলেন।’ সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী বলেন, ‘নির্মল সেন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আজীবন লড়াই করে গেছেন।’ফুসফুসে সংক্রমণ নিয়ে অসুস্থ অবস্থায় বেশ কয়েক দিন লাইফ সাপোর্টে থাকার পর গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সভাপতি নির্মল সেন।