প্রয়াত সাংবাদিক, কলামিস্ট ও রাজনীতিক নির্মল সেন স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় বক্তারা তাঁর আজীবন লালিত সততা আর আদর্শ ধারণ করে এগিয়ে চলতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেন, একাগ্রতা, একতা ও বিপ্লবের মধ্য দিয়ে প্রয়াতের আদর্শ টিকিয়ে রাখতে হবে। গতকাল সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ওই শোকসভা অনুষ্ঠিত হয়। নির্মল সেন স্মরণ জাতীয় কমিটি এর আয়োজন করে। সভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, সমাজতন্ত্রের প্রতীক এই নেতা বিপ্লব ও গণতন্ত্রে অনন্য ভূমিকা রেখে মেহনতি মানুষের পক্ষে কাজ করে গেছেন।সভাপতির বক্তব্যে সাংবাদিক কামাল লোহানী বলেন, নির্মল সেন শুধু একজন রাজনীতিবিদ বা সাংবাদিকই ছিলেন না, তিনি সবার জন্য অনুকরণীয় একজন শিক্ষকও ছিলেন। গণঐক্যের আহ্বায়ক পংকজ ভট্টাচার্য বলেন, দেশ-মাটি-মানুষকে তিনি কখনোই ত্যাগ করেননি। আক্ষরিক অর্থে তিনি আদর্শ নিয়ে মেহনতি মানুষের জন্য সংগ্রাম করে গেছেন।বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, আদর্শিক ভিত্তির ওপর বিশ্বাস করে নির্মল সেন সমাজতন্ত্র ও মেহনতি মানুষের জন্য শোষণমুক্ত সমাজ গড়তে চেয়েছিলেন মৃত্যুর আগ পর্যন্ত।অধ্যাপক অজয় রায় বলেন, সাংবাদিক হিসেবে তিনি সব সময় তাঁর আদর্শিক ধারা অব্যাহত রেখেছিলেন। প্রগতিশীলরা বুঝেশুনে একত্রিত হলে নির্মল সেনের আদর্শ প্রতিষ্ঠিত করা সম্ভব বলে মনে করেন অধ্যাপক সাখাওয়াত আলী খান।সভায় বক্তারা নির্মল সেনের নামে একটি সড়কের নামকরণ করার আহ্বান জানান। নির্মল সেনের ভাইপো কংকন সেন প্রয়াতের ইচ্ছা অনুযায়ী নিজ এলাকায় নারীদের জন্য একটি মহাবিদ্যালয় প্রতিষ্ঠার উল্লেখ করেন। সভায় অন্যান্যের মধ্যে খালেকুজ্জামান, বিমল বিশ্বাস, প্রকৌশলী এম শহীদুল্লাহ, খুশী কবির, সাইফুল হক, মোশরেফা মিশু, সিদ্দিকুর রহমান, জোনায়েদ সাকী প্রমুখ বক্তব্য দেন।শোকসভার শুরুতে শ্রমজীবী মানুষের আন্তর্জাতিক সংগীত ‘জাগো জাগো সর্বহারা’ পরিবেশন করা হয়। এ সময় প্রয়াতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।