বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ষষ্ঠ সাক্ষী নির্মল চন্দ্র শর্মাকে গতকাল বুধবার জেরা শেষ করেছে আসামিপক্ষ। ১৬ জুলাই মামলায় রাষ্ট্রপক্ষের সপ্তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ নির্মলকে গতকাল তৃতীয় দিনে প্রায় সোয়া এক ঘণ্টা জেরা করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আহসানুল হক। আসামির কাঠগড়ায় সাকা চৌধুরীর উপস্থিতিতে তিনি জানতে চান, ঘটনার দিন (১৩ এপ্রিল, ১৯৭১) সালাউদ্দিন কাদেরকে সাক্ষী দেখেছেন, এ কথা তিনি তাঁর ভাই বিমলকে বলেছিলেন? জবাবে নির্মল বলেন, প্রয়োজন মনে না করায় বলেননি। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁর বাবা পঙ্গু ও বৃদ্ধ হওয়ায় চিকিৎসার জন্য তাঁকে নিয়ে টানাহেঁচড়া করা হয়নি। আহসানুল মত (সাজেশন) দেন, একাত্তরের ১৩ এপ্রিল সাক্ষীর বাবা গুলিতে আহত হননি, তাই তাঁকে মুক্তিযুদ্ধ শেষে কোনো চিকিৎসক দেখানো হয়নি। সাক্ষী বলেন, এটা সত্য নয়।৯ জুলাই নির্মল শর্মা তাঁর জবানবন্দিতে বলেন, একাত্তরের ১৩ এপ্রিল পাকিস্তানি সেনারা তাঁর মা, ভাইসহ পরিবারের পাঁচ সদস্যকে হত্যা করে। গুলিতে তাঁর বাবা পঙ্গু হন। তখন পাকিস্তানি সেনাদের সঙ্গে সাকা চৌধুরী ছিলেন।রাউজানে শান্তি কমিটি গঠিত হয়েছিল কবে—এ প্রশ্নের জবাবে নির্মল বলেন, এটা বলতে পারবেন না। তবে যেহেতু ১৩ এপ্রিল মাইকে শান্তি কমিটি গঠনের কথা ঘোষণা হয়েছে, তাই বলা যায় এর আগেই গঠন হয়েছে। পরের প্রশ্নের জবাবে তিনি বলেন, শান্তি কমিটির সভাপতি, সেক্রেটারি কে ছিলেন তা তিনি জানেন না। ১৩ এপ্রিল সাক্ষীদের পাড়ায় পাকিস্তানি সেনারা বাড়িঘর পুড়িয়েছিল কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, পোড়ায়নি। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁদের ঘর থেকে পাকিস্তানি সেনারা কিছু নেয়নি।জেরার শেষ পর্যায়ে আহসানুল মত দেন, একটি কুচক্রী মহলের ইন্ধনে, সালাউদ্দিন কাদেরের রাজনৈতিক প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে তাঁকে (সাকা) সংসদে যোগদান থেকে বিরত রাখতে এই মিথ্যা মামলা সাজানো হয়েছে। সাক্ষী বলেন, এটা সত্য নয়। আহসানুল বলেন, সাক্ষী সরকার থেকে অনেক কিছু পাওয়ার আশায় এই মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। নির্মল আবারও বলেন, এটা সত্য নয়।নির্মলকে আসামিপক্ষের জেরা শেষে এই মামলায় সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।