নির্মলেন্দুগুণ ও তিন শিল্পীকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসার জন্য বরেণ্য কবি নির্মলেন্দু গুণ ও তিন বিখ্যাত নারী চলচ্চিত্রশিল্পীকে আর্থিক সহায়তা দিয়েছেন। তিনি অটিস্টিক ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য কর্মরত একটি সংগঠন এবং ফুল বিক্রি করে জীবিকা নির্বাহকারী এক দরিদ্র নারীকেও সহায়তা দিয়েছেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী গতকাল বুধবার সন্ধ্যায় গণভবনে তাঁদের কাছে আর্থিক সহায়তার এই চেক হস্তান্তর করেন। কবি নির্মলেন্দু গুণ, শিল্পী শাহিনা শিকদার বনশ্রী, আমিরুন্নেসা খানম (রানী সরকার) এবং লাইনুন নাহার মালাকে ২০ লাখ টাকা করে চেক দেওয়া হয়। ফুলবিক্রেতা দিল আরা বেগমকে দেওয়া হয় ২৫ লাখ টাকার চেক।
এ ছাড়া অটিস্টিক ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য কর্মরত মানিকগঞ্জের পুনর্বাসন নিবাসের চেয়ারম্যান নাজনীন বেগম ইভার হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এ সময় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ এবং প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বাংলাদেশ ও ভুটানের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে দুই দেশের মধ্যে যোগাযোগব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার ভুটানের রাষ্ট্রদূত পেমা চডেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। খবর বাসসের।
শেখ হাসিনা বলেন, দুই দেশের ব্যবসা-বাণিজ্য আরও বাড়াতে যোগাযোগব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। উভয় দিকেই অবকাঠামো তৈরি হয়েছে। এখন ভারতের ভেতর দিয়ে ট্রানজিট প্রয়োজন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের এসব কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, ব্যবসা-বাণিজ্যের জন্য ভুটান বাংলাদেশের সমুদ্রবন্দর ব্যবহার করতে পারে।