রাজধানীর ধানমন্ডি খেলার মাঠে নির্মাণ বন্ধের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন শুনতে অপারগতা প্রকাশ করে তা কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবেদনটি তালিকা থেকে বাদ দেন। এখন আবেদনটি শুনানির জন্য হাইকোর্টের অপর কোনো বেঞ্চে উপস্থাপন করা হবে।
গতকাল আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ফিদা এম কামাল। সঙ্গে ছিলেন আইনজীবী সারা হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।
আইনজীবী সারা হোসেন পরে প্রথম আলোকে বলেন, ‘আইনজীবী ফিদা এম কামাল বক্তব্য উপস্থাপন করছিলেন। এ পর্যায়ে আদালত বলেন, এ বিষয়ে আগের একটি রায় আছে। জবাবে ফিদা এম কামাল বলেন, এটা একই বিষয় নয়। এখন ওখানে রাজউকের নির্মাণ প্রসঙ্গে আদেশ বিষয় নিয়ে এসেছি। একপর্যায়ে কনিষ্ঠ বিচারপতি শুনতে অপরাগতা প্রকাশ করেন। ধরে নিচ্ছি উনি বিব্রতবোধ করেছেন, যদিও উনি কোনো কারণ দেননি। অপর কোনো বেঞ্চে এখন আবেদনটি উত্থাপন করা হবে।’
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান বলেন, শুনানিকালে আদালত ওই বিষয়ে ইতিপূর্বে হাইকোর্টের দেওয়া রায়ের অবস্থা জানতে চান। এ বিষয়ে আদালত জিজ্ঞাসা ও আইনজীবীর বক্তব্যের একপর্যায়ে আদালত রিটটি শুনতে অপারগতা প্রকাশ করে তা তালিকা থেকে বাদ দেন।
স্থপতি মোবাশ্বের হোসেন, ইকবাল হাবিব, ফারজানা শাহনাজসহ স্থানীয় ছয় বাসিন্দা ২১ এপ্রিল রিটটি করেন। ধানমন্ডির আবাসিক এলাকায় ৮ নম্বর সড়কসংলগ্ন খেলার মাঠে নির্মাণকাজ প্রসঙ্গে ৯ এপ্রিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এক চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করেন। এতে বলা হয়, ওই চিঠি ইমারত নির্মাণ আইনের ৩ ধারার সঙ্গে সাংঘর্ষিক।
আবেদনে ধানমন্ডি খেলার মাঠে সব ধরনের নির্মাণ বন্ধে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে নির্দেশনা চাওয়ার সঙ্গে ওই চিঠির কার্যকারিতা স্থগিতের আরজি রয়েছে। এ ছাড়া, মাঠের ভেতর চলমান সব ধরনের অবৈধ স্থাপনা নির্মাণকাজ বন্ধে এবং সেখানে থাকা অবৈধ স্থাপনা অপসারণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। উন্মুক্ত স্থান বা খেলার মাঠ হিসেবে ওখানে জনগণের প্রবেশাধিকার নিশ্চিতে পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, এ মর্মেও রুল চাওয়া হয়।