নির্মাণ বিধিমালা পুরোপুরি মেনে চলার আহ্বান
জাতীয় নির্মাণ বিধিমালা (ন্যাশনাল বিল্ডিং কোড) পুরোপুরি মেনে চলা, না মানলে শাস্তির বিধান প্রয়োগ এবং বিধিমালা পরিচালনার জন্য ‘ভবন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’ গঠন ছাড়া ভবনধস রোধ সম্ভব নয়। এ ছাড়া সবকিছুর সঙ্গে প্রয়োজন জনসচেতনতা। এসব রক্ষা করা না হলে সাভার ট্র্যাজেডির মতো দুর্ঘটনা ঘটতেই থাকবে। গতকাল শনিবার ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) কাউন্সিল হলে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এই অভিমত তুলে ধরা হয়। আলোচনায় কারিগরি জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের দিয়েই ভবন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠনের সুপারিশ করা হয়। পাশাপাশি ভবনের পরিকল্পনা, নকশা প্রণয়ন, কাঠামোগত নকশা ও নির্মাণকাজের সঙ্গে জড়িত সব পরিকল্পনাবিদ, স্থপতি ও প্রকৌশলীর দায়বদ্ধতা নির্ধারণ এবং শাস্তি বিধানের জন্য প্রয়োজনীয় আরও আইন প্রণয়ন ও প্রয়োগের সুপারিশ করা হয়।মুক্ত আকাশ, আইইবি ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) উদ্যোগে ‘ভবনধস ও বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড’ শীর্ষক আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নির্মাতাপ্রতিষ্ঠান সেলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল আওয়াল। প্রবন্ধে তিনি বলেন, ১৯৯৩ সালে জাতীয় নির্মাণ বিধিমালার মতো গুরুত্বপূর্ণ একটি বিধি প্রণীত হলেও এর সঠিক ব্যবহার আজ পর্যন্ত নিশ্চিত করা যায়নি।গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী রাজউকের কার্যক্রমকে তিন ভাগে ভাগ করার সুপারিশ করেন। এর একটি অংশ ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) বাস্তবায়ন করবে, একটি অংশ ভবন নির্মাণ পর্যবেক্ষণ করবে এবং অপর অংশটি নগর উন্নয়নের কাজ করবে। এগুলো করার জন্য রাজউকের দক্ষ জনবল বাড়ানোর সুপারিশ করেন তিনি।সভাপতির বক্তব্যে বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ ভবন নির্মাণের বিষয়ে বিগত ও বর্তমান সরকারের ভূমিকার সমালোচনা করে বলেন, সব সরকারই এ ক্ষেত্রে জগদ্দল পাথর। এর সমাধানে সুশীল সমাজের ভূমিকা প্রয়োজন।রাজউকের চেয়ারম্যান নূরুল হুদা বলেন, একজন ভবনমালিক ১০-২০ কোটি টাকা খরচ করে ভবন নির্মাণ করেন। কিন্তু এর নিরাপত্তার জন্য পাঁচ লাখ টাকা খরচ করতে পারেন না। তিনি বলেন, জনবল কম থাকা সত্ত্বেও রাজউক যা করছে, তা না করলে সারা ঢাকায় কলাবাগান, কাঁঠালবাগানের মতো ভবনধসের ঘটনা ঘটত।আইইবির সভাপতি মো. শামীম জেড. বসুনিয়া বলেন, রানা প্লাজায় যে কংক্রিট ব্যবহার করা হয়েছে, তা কংক্রিটই নয়। পৃথিবীর যে দেশ থেকেই নকশা করা হোক না কেন, নির্মাণের সময় কংক্রিটের সঠিক ব্যবহার না হলে ভবনধসের ঘটনা ঘটবেই।স্থাপত্য ইনস্টিটিউটের সভাপতি মোবাশ্বের হোসেন বলেন, ‘অজ্ঞতা, লোভ আর পেশিশক্তি প্রদর্শনের জন্যই সাভার দুর্ঘটনা ঘটেছে। আমরা প্রকৌশলী, স্থপতিরা ব্যর্থ হয়েছি জনসচেতনতা বাড়াতেও।’বৈঠকে সাংসদ ফজলুল আজিম, বুয়েটের অধ্যাপক এম এম শফিউল্লাহ, স্থাপত্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান স্থপতি কাজী গোলাম নাসির, বিআইপির সভাপতি গোলাম রহমান, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবিব, হাউজিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক আবু সাদেক, বিজিএমইএর সহসভাপতি শহীদুল্লাহ হাকিম প্রমুখ অংশ নেন।