নির্মাণ ব্যয়ের ৬০ গুণ বেশি খরচ সংস্কারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরা-বৈরাগীহাট সড়কটির দৈর্ঘ্য ৬ দশমিক ৬৭ কিলোমিটার। পাইলট প্রকল্প হিসেবে পরীক্ষামূলক প্রযুক্তিতে সড়কটি পাকাকরণ করা হয়। সেই ২২ বছর আগের কথা। এতে ব্যয় হয়েছিল ১০ লাখ টাকা। সেই সড়কটিই দফায় দফায় সংস্কার করা হয়েছে।দুই যুগ ধরে সড়কটি সংস্কারের পেছনে নির্মাণ ব্যয়ের ৬০ গুণেরও বেশি অর্থাৎ ছয় কোটি টাকা খরচ হয়ে গেছে। কিন্তু জনদুর্ভোগের অবসান হয়নি আজও। সড়কটি দেখভাল করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, সড়কটি পাকাকরণের পর তারা আশা করেছিল, যাতায়াতে তাদের ভোগান্তির অবসান হবে। কিন্তু বছর ঘুরতে না-ঘুরতেই সড়কটির দশা আগের চেয়ে আরও বেশি খারাপ হয়েছে। সড়কটি চলাচলের অযোগ্য হয়েছে একাধিকবার। উপজেলা সদর থেকে দিনের পর দিন বিচ্ছিন্ন হয়ে থাকতে হয়েছে তিন ইউনিয়নের লক্ষাধিক মানুষকে। বর্তমানে সড়কটির বহু স্থানে কার্পেটিং উঠে গেছে। সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত আর খানাখন্দের। ফলে সড়কটিতে ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। একটু বৃষ্টিতেই কাদাজলে একাকার হওয়ায় এ সড়কে চলাচল করতে গিয়ে পথচারীরা নাকাল হয়। সড়কটিতে এখন শুধু ভ্যান-রিকশার মতো হালকা যান চলাচল করে।উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, পাঁচশিরা-বৈরাগীহাট সড়কটি কালাই উপজেলার মাত্রাই, উদয়পুর ও আহম্মেদাবাদ ইউনিয়নের লক্ষাধিক মানুষের উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র রাস্তা। ১৯৯০ সালের দিকে সড়কটি পাকা করা হয়। বৈদেশিক দাতা সংস্থা সড়কটি পাকাকরণে আর্থিক সহায়তা দেয়। পাইলট প্রকল্প হিসেবে হাতে নেওয়া সড়কটি পাকাকরণের কাজে পরীক্ষামূলক প্রযুক্তি অ্যাগ্রিকেট সেং সয়েল (এএসএস) ব্যবহার করা হয়। সড়ক পাকাকরণের কাজে ইট বা খোয়া বিছানোর পরিবর্তে এক-তৃতীয়াংশ মাটি, বালু ও ইটের টুকরা মিশিয়ে তার ওপর কার্পেটিং করা হয়। এলজিইডির কর্মকর্তারা বলছেন, এএসএস প্রযুক্তিটি এ এলাকার মাটির সঙ্গে খাপ না খাওয়ায় সড়কটি বারবার সংস্কার করেও কোনো লাভ হচ্ছে না। সংস্কারকাজে এভাবে সরকারি টাকা অপচয় না করে সড়কটি আবার নির্মাণ করা দরকার।এলজিইডি সূত্রে জানা যায়, ২০০৪-০৫ অর্থবছরে সড়কটি সংস্কারে ৫৬ লাখ টাকা ব্যয় হয়। ২০০৬-০৭ অর্থবছরে ব্যয় হয় ৩০ লাখ টাকা। সর্বশেষ ২০০৯-১০ অর্থবছরে সংস্কারকাজে ব্যয় করা হয় প্রায় ৭৬ লাখ টাকা। বানিহারা গ্রামের ভ্যানচালক জালাল উদ্দিন বলেন, ‘ভাঙাচোরা এ সড়কে ভ্যান চালাতে খুব কষ্ট হয়। মালামাল লিয়ে যাওয়া যায় না। গোটা রাস্তা থেকনার (ঝাঁকুনি) ভয়ে লোকজন ভ্যানত চরবার চায় না।’ কালাই উপজেলা দুর্নীতিপ্রতিরোধ কমিটির সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘সড়কটি নতুন করে নির্মাণ না করে সংস্কারের নামে এভাবে ঘন ঘন সরকারি অর্থ অপচয় করা কতটা যুক্তিযুক্ত তা সংশ্লিষ্টদের ভেবে দেখা দরকার।’ এলজিইডির কালাই উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেন বলেন, ‘কালাই এলাকার মাটির সঙ্গে এএসএস প্রযুক্তি খাপ না খাওয়ায় বারবার সংস্কার করেও তা টেকসই হচ্ছে না।’ এলজিইডি জয়পুরহাটের নির্বাহী প্রকৌশলী লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, ‘আধুনিক প্রযুক্তিতে সড়কটি নতুন করে নির্মাণ করা গেলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হতো। কিন্তু পরীক্ষামূলক প্রকল্প হওয়ায় নতুন করে নির্মাণ বরাদ্দ পাওয়া সম্ভব নয়। সড়কটির বেশ কিছু অংশ এখন খুবই খারাপ। ওই অংশগুলো বক্স-সিলকোট করার চিন্তাভাবনা করা হচ্ছে। এ জন্য আসছে অর্থবছরে বরাদ্দ চেয়ে পাঠানো হবে।’