নির্মাণ শেষ না হতেই সড়কে ফাটল, ধসে পড়েছে ব্লক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্মাণকাজ শেষ না হতেই নওগাঁর সাপাহার উপজেলার করমুডাঙ্গা-নিশ্চিন্তপুর সড়কের মাসনাডাঙ্গা সেতুর সংযোগ সড়কে ফাটল দেখা দিয়েছে। ছবিটি গত রোববার তোলা l প্রথম আলো
নির্মাণকাজ শেষ না হতেই নওগাঁর সাপাহার উপজেলার করমুডাঙ্গা-নিশ্চিন্তপুর সড়কের মাসনাডাঙ্গা সেতুর সংযোগ সড়কে ফাটল দেখা দিয়েছে। ছবিটি গত রোববার তোলা l প্রথম আলো

নির্মাণকাজ শেষ না হতেই নওগাঁর সাপাহার উপজেলার জবই বিল এলাকার মাসনাঘাট সেতুর সংযোগ সড়কের বিভিন্ন জায়গায় ভাঙন ধরেছে। রাস্তাটির পাশে বসানো ব্লকও ধসে পড়ছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারে এ অবস্থা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, গত বছরের জুনে করমুডাঙ্গা-নিশ্চিন্তপুর সড়কের জবই বিল মাসনাঘাট এলাকায় ৫০ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণের কাজ শুরু হয়। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে এবং এলজিইডির তত্ত্বাবধানে টেকসই পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কাজটি হচ্ছে। সেতুটি ও এর সংযোগ সড়ক নির্মাণের জন্য আট কোটি পাঁচ লাখ টাকা চুক্তিমূল্যে ইথেন এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। পরে চুক্তির মাধ্যমে ইথেন এন্টারপ্রাইজের কাছ থেকে সাপাহার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাদেকুল ইসলাম কাজটি নেন। গত জুনে কাজটি শেষ হওয়ার কথা থাকলেও সংযোগ সড়কের অনেক অংশে এখনো সিসি ব্লক বসানো হয়নি। এ অবস্থায় প্রায় দেড় মাস আগে সেতুটির ব্লক না দেওয়া অংশে মাটি সরে গিয়ে রাস্তা দেবে যাওয়ায় ফাটল দেখা দেয়। এ ছাড়া সেতুটির পূর্ব পাশে সংযোগ সড়কের দুই ধারে লাগানো ব্লক ধসে গেছে।
করমুডাঙ্গা গ্রামের সাইফুল ইসলাম ও নিশ্চিন্তপুর গ্রামের জিয়াউল হকসহ সাতজন বলেন, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করায় রাস্তায় ফাটল দেখা দিয়েছে, ব্লক খুলে যাচ্ছে। এলজিইডির কর্মকর্তাদের অবহেলার কারণে ঠিকাদার যেনতেনভাবে কাজ করেছেন। অল্প কিছুদিনের মধ্যে সংযোগ সড়কের পুরো অংশে ব্লক না দিলে এবং ধসে যাওয়া ও ফাটল ধরা অংশ সংস্কার করা না হলে এই বর্ষায় বিলের পানির তোড়ে সড়কটি বিলীন হয়ে যাবে।
ঠিকাদার সাদেকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে চাই না। আপনারা সাংবাদিকেরা অনেক জ্বালাইছেন। যা ইচ্ছা লেখেন।’
উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ গত সোমবার বলেন, নির্মাণকাজ শেষ হওয়ার আগেই বর্ষা শুরু হয়ে যাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি শেষ করতে পারেনি। এ জন্য অনেক জায়গায় এখনো ব্লক বসাতে পারেনি। যেসব জায়গায় ফাটল কিংবা ধসে গিয়েছে, তা সংস্কার করে দিতে বলা হয়েছে।