
কক্সবাজারের মহেশখালীর ধলঘাটে সাগর উপকূলে সাড়ে ৫ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। জনপ্রতিনিধিসহ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মাণকাজ শেষ হওয়ার আগেই বাঁধের বিভিন্ন অংশে ফাটল ও ধস দেখা দিয়েছে। ইতিমধ্যে বাঁধের ১০ মিটার অংশ ভেঙে সাগরে বিলীন হয়েছে। বর্ষায় এই বাঁধ ভেঙে ঘরবাড়ি তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকার অন্তত ৩০ হাজার মানুষ।
ধলঘাট ইউনিয়নের সরইতলা গ্রামের বাঁধের ১০ মিটার অংশ গত ২৫ এপ্রিল জোয়ারের পানিতে ভেঙে গেছে বলে স্থানীয় বাসিন্দারা জানান। ধলঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুল হাসান বলেন, বিলীন হয়ে যাওয়া অংশ ঠিকাদারের লোকজন সংস্কার না করায় বাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের সময় লোকালয়ে পানি ঢুকছে। এ ছাড়া ২ কিলোমিটার বেড়িবাঁধের আটটি স্থান ধসে গেছে। ফাটল দেখা দিয়েছে আরও অন্তত ১৩টি স্থানে।
ইউপি চেয়ারম্যান বলেন, বালু দিয়ে নির্মাণ করায় জোয়ারের পানিতে নির্মাণাধীন বাঁধের বিভিন্ন অংশ ধসে গেছে। ৫ কিলোমিটার বাঁধের মধ্যে ঠিকাদারের লোকজন আড়াই কিলোমিটার বাঁধ নির্মাণের কাজ শেষ না করেই এলাকা ছেড়ে গেছেন। তিনি বলেন, বাঁধের আড়াই কিলোমিটার অংশের কাজ শেষ না করে দেড় মাস আগে মাটি কাটার এক্সকাভেটর যন্ত্র নিয়ে ঠিকাদারের লোকজন চলে যান। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলীকে লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু কোনো ফল হয়নি।
পানি উন্নয়ন বোর্ডের কক্সবাজারের কার্যালয় সূত্র জানায়, ধলঘাট ইউনিয়নে ৮ কিলোমিটার বাঁধ সংস্কার না হওয়ায় জোয়ার-ভাটার সময় এলাকার ১০ গ্রামে পানি ঢুকে যেত। গত বছরের ডিসেম্বর মাসে পানি উন্নয়ন বোর্ড প্রায় সাড়ে ৫ কিলোমিটার বেড়িবাঁধ সংস্কারের জন্য ৫ কোটি ৫৮ লাখ টাকার দরপত্র আহ্বান করে। ঠিকাদার প্রতিষ্ঠান খোন্দকার শাহীন আহমদ কনস্ট্রকাশন, খালেক কনকস্ট্রাকশন, নাহার এন্টারপ্রাইজ ও আলম অ্যান্ড ব্রার্দাস বাঁধ নির্মাণের কাজ পায়। কার্যাদেশ অনুযায়ী, এ বছরের জানুয়ারিতে কাজ শুরু করে জুন মাসের মধ্যে শেষ করার কথা।
খোন্দকার শাহীন আহমদ কনস্ট্রকাশন, খালেক কনকস্ট্রাকশন ও নাহার এন্টারপ্রাইজের পক্ষে বাঁধ নির্মাণের কাজ তদারক করছেন রুহুল কাদের। তিনি বলেন, বাঁধের পাশের মাটি দিয়ে বাঁধ তৈরি করা হয়েছে। কোনো অনিয়ম করার প্রশ্নই ওঠে না। তিনি আরও বলেন, যেখানে বাঁধ ভেঙে গেছে, সেখানে আবার বাঁধ তৈরি করে দেওয়া হবে। আর বাকি কাজ শেষ করে জুনের মধ্যে কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হবে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, বাঁধের নির্মাণকাজে ঠিকাদার অনিয়ম করে থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। বাঁধের ভাঙা অংশ সংস্কার করার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। সাড়ে ৫ কিলোমিটার বেড়িবাঁধ সংস্কারের মধ্যে ৬০ শতাংশের কাজ শেষ হয়েছে। বাকি কাজ জুন মাসের মধ্যে শেষ করতে ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।