নির্মাণ শেষ হওয়ার তিন মাসেই সড়কে খানাখন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মাণকাজ শেষ হওয়ার তিন মাসের মধ্যেই সান্তাহার-জয়পুরহাট সড়কের কিছু অংশে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকায় নির্মাণ করা এ সড়ক দিয়ে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, সংশ্লিষ্ট ঠিকাদার ও নির্মাণকাজ তদারকির দায়িত্ব পাওয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তাদের অবহেলার কারণে অল্প দিনেই সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে।এলজিইডি আদমদীঘি উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১০-১১ অর্থবছরে পৌর এলাকার জ্যোতির মোড় থেকে বাইপাস সড়কের চার মাথার মোড় পর্যন্ত এক হাজার ২০০ মিটার এলাকায় কার্পেটিংয়ের কাজ হয়। এ কাজের জন্য প্রায় ২০ লাখ টাকা বরাদ্দ করা হয়। হাসান আলভা এন্টারপ্রাইজ নামে নওগাঁর একটি ঠিকাদারি প্রতিষ্ঠান গত মার্চ মাসে নির্মাণকাজ শেষ করে। বর্ষাকাল শুরু হওয়ার কিছুদিন পর সড়কটির এ অংশে অনেক খানাখন্দের সৃষ্টি হয়েছে। সান্তাহার পৌর এলাকার বাসিন্দা আবুল কালাম আজাদ বলেন, সড়কটির তদারকির কাজে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশল বিভাগের অবহেলা ও দুর্নীতির কারণে মাত্র তিন মাসের মধ্যে এটি নষ্ট হয়ে গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক সান্তাহার পৌরসভার এক ঠিকাদার জানান, কাজ চলাকালে এলজিইডির কর্মকর্তারা সঠিকভাবে তদারকি করেননি। এ সুযোগে ঠিকাদার চাহিদা অনুযায়ী পাথর ও খোয়া ব্যবহার করেনি। এতে অল্প সময়ের মধ্যেই সেগুলো উঠে গর্তের সৃষ্টি হয়েছে। সান্তাহার পৌরসভার কাউন্সিলর মজিবর রহমান বলেন, গর্তগুলোতে পানি জমে থাকায় সেগুলো পর্যায়ক্রমে আরও বড় হচ্ছে। এতে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে।হাসান আলভা এন্টারপ্রাইজের মালিক কাজী মেহেদী হাসান জানান, সড়কে পানি জমে থাকায় গর্তের সৃষ্টি হয়েছে। আদমদীঘি উপজেলা প্রকৌশলী গোলাম মোরশেদ সড়কটির একাধিক স্থানে খানাখন্দ সৃষ্টি হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই সড়কে বন্যার পানি ওঠার সম্ভাবনা নেই। ঠিকাদারকে সড়কটি সংস্কারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তিনি না করলে তাঁর জামানতের টাকা নিয়ে সড়ক সংস্কার করা হবে।