নির্মাণ শেষ হয়নি, ভেসে যাওয়ার শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্ধারিত সময়ের দুই মাস পরও কাজ শেষ না হওয়ায় বন্যায় নির্মাণাধীন বাঁধ ভেসে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে l ছবি: প্রথম আলো
নির্ধারিত সময়ের দুই মাস পরও কাজ শেষ না হওয়ায় বন্যায় নির্মাণাধীন বাঁধ ভেসে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে l ছবি: প্রথম আলো

বগুড়ার সারিয়াকান্দিতে নির্ধারিত সময়ের দুই মাস পরও পানি উন্নয়ন বোর্ডের বিকল্প বন্যানিয়ন্ত্রণ বাঁধের কাজ শেষ হয়নি। এলাকাবাসীর আশঙ্কা, যমুনার পানির তোড়ে অসমাপ্ত বাঁধটি ভেসে যেতে পারে। এদিকে উপজেলায় কোনো আশ্রয়কেন্দ্র না থাকায় এ বাঁধের ওপরই দিনাতিপাত করছে বানভাসি মানুষ।
গত সোমবার সরেজমিনে দেখা গেছে, আট কিলোমিটার বাঁধের বেশ কয়েকটি অংশে এখনো কাজ শেষ হয়নি। এসব অংশে সামান্য বালু ফেলে রাখা হয়েছে। ঢেউ লাগলেই পানির তোড়ে ভেসে যেতে পারে এই নির্মাণাধীন বাঁধ।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বগুড়ার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের কর্মকর্তারা বলেন, সারিয়াকান্দি উপজেলার কর্নিবাড়ি থেকে চন্দনবাইশা পর্যন্ত যমুনা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় আট কিলোমিটার দীর্ঘ বিকল্প বাঁধ নির্মাণের জন্য সরকার প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেয়। এই বাঁধ নির্মাণের জন্য নৌবাহিনীর ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডকে ঠিকাদার নিয়োগ করে পাউবো। সাব-ঠিকাদার হিসেবে এ কাজ করেন লিয়াকত আলী। কার্যাদেশ অনুযায়ী ১৫ এপ্রিল থেকে ২৮ জুনের মধ্যে বাঁধ নির্মাণের কাজ শেষ করার কথা। কিন্তু নির্ধারিত সময়ের প্রায় দুই মাস পেরিয়ে গেলেও বাঁধ নির্মাণের কাজ শেষ হয়নি।
পাউবো বগুড়ার নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন বলেন, নকশা সংশোধন ও কারিগরি কিছু সমস্যার কারণে বিকল্প বাঁধের এক স্থানে ৩০০ মিটার ও অন্য স্থানে ৬০ মিটারের কাজ অসম্পূর্ণ রয়েছে।
নওখিলা পিএন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রোহদহ গ্রামের বাসিন্দা আহসান রেজা বলেন, নদীপাড়ের চন্দনবাইশা, নিজ চন্দনবাইশা, ঘুঘুমারি, শেখপাড়া, ফকিরপাড়া, আকন্দপাড়া, রোহদহ, বানিযানপুরসহ প্রায় ২০ গ্রামের হাজার হাজার মানুষের দাবি উপেক্ষা করে পাউবো নদী থেকে খানিকটা দূরে নতুন বাঁধ নির্মাণ করছে। এতে বাঁধের বাইরের গ্রামগুলো ভাঙনের কবলে পড়ে নিশ্চিহ্ন হয়ে যাবে। যমুনায় পানি বেড়ে যাওয়ায় নতুন বাঁধের পূর্বপাড়ের এসব গ্রামের বসতভিটা পানিতে ডুবে গেছে। কোনো আশ্রয়কেন্দ্র না থাকায় তারা নির্মাণাধীন বাঁধে আশ্রয় নিয়েছে।
গতকাল মঙ্গলবার বন্যানিয়ন্ত্রণ বাঁধে গিয়ে দেখা যায়, বাঁধের ওপর আশ্রয়শিবিরে হাজার হাজার মানুষ দুর্ভোগে দিন কাটাচ্ছে। আশ্রয়শিবিরে খাদ্যসংকট ছাড়াও খাবার পানি ও শৌচাগার সমস্যা প্রকট। আশ্রয়শিবিরের লোকজন বলছেন, যমুনার পানির তোড়ে এ বাঁধ ভেসে গেলে সারিয়াকান্দি, গাবতলী ও ধুনটের বহু মানুষ পানিবন্দী হয়ে পড়বে।
আনসার-ভিডিপির সদস্য নয়া মিয়া বলেন, ‘হাজার হাজার মানুষের বাড়িঘর রক্ষার চিন্তা না করেই নদী থ্যাকে এক-দেড় কিলোমিটার দূরে বাঁধ করা হচ্চে। নদীর আরও কাচে বাঁধ করবার জন্যি কত হাত-পাও ধরনো, কেউ কতা শোনেনি।’ রোহদহ গ্রামের ফকির মোহাম্মদ বলেন, ‘দুই যুগ ধরে রোহদহ গ্রামে বাস করতাম। মাস চারেক আগে বুলডোজার দিয়ে বাড়িঘর গুঁড়িয়ে জবরদস্তি করে তাঁদের উচ্ছেদ করা হয়। উচ্ছেদ করার আগে কেউ নোটিশও দেয়নি, জমির দামও দেয়নি।’
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী বলেন, দুই বছর আগে নদীর কাছাকাছি অংশে অন্য একটি বিকল্প বাঁধ নির্মাণ করা হয়েছিল। গত বর্ষায় তা ভেঙে যায়। এ জন্য বিশেষজ্ঞদের পরামর্শে এবার নদী থেকে প্রায় এক কিলোমিটার দূরে এ বাঁধ নির্মাণ করা হচ্ছে।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ বলেন, যমুনায় পানি বাড়ায় ২০ গ্রামের প্রায় ১২ হাজার মানুষ এখন পানিবন্দী। গৃহহারা মানুষ বাঁধে এসে আশ্রয় নিয়েছে। কিন্তু বাঁধ নির্মাণের কাজ শেষ না হওয়ায় শঙ্কা-উৎকণ্ঠা কাটছে না।