নির্মাণ শেষেও চালু হয়নি সেতু, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কেদারপুরের ধলেশ্বরী দ্বিতীয় সেতু l ছবি: প্রথম আলো
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কেদারপুরের ধলেশ্বরী দ্বিতীয় সেতু l ছবি: প্রথম আলো

প্রায় চার মাস আগে শেষ হয়েছে টাঙ্গাইলের নাগরপুরে দ্বিতীয় ধলেশ্বরী সেতুর নির্মাণকাজ। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে সেতুটি বুঝে নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। তারপরও যান চলাচলের জন্য এটি খুলে দেওয়া হচ্ছে না। এতে এ সেতু নির্মাণের সুফল ভোগ করতে পারছেন না এলাকার লোক। এখনো তাঁদের খেয়া দিয়ে নদী পারাপার করতে হচ্ছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) টাঙ্গাইল কার্যালয় সূত্রে জানা গেছে, নাগরপুর-মির্জাপুর সড়কের যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নাগরপুর উপজেলার কেদারপুরে ধলেশ্বরী নদীতে দ্বিতীয় ধলেশ্বরী সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ৫২০ দশমিক ৬০ মিটার দীর্ঘ এ সেতুর নির্মাণে ব্যয় হয় ৫৫ কোটি ৪৭ লাখ ১৫ হাজার টাকা। মীর আক্তার হোসেন লিমিটেড নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এর নির্মাণকাজ পায়। কাজ শেষ হয় গত ফেব্রুয়ারিতে। নির্মাণকাজ শেষে ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুটি হস্তান্তর করে দিয়েছে। কিন্তু আজও সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়া হয়নি।

স্থানীয় সূত্র জানায়, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সাংসদ খন্দকার আবদুল বাতেনের ইচ্ছা—সেতুটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে করার এবং প্রধানমন্ত্রীকে দিয়েই উদ্বোধন করানোর। তারপর এটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। সাংসদ চেষ্টা করছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে উদ্বোধনের দিন-তারিখ নিতে। কিন্তু তিনি এখনো তারিখ নিতে পারেননি।

সরেজমিনে দেখা যায়, নির্মাণকাজ শেষে সেতুর দুই প্রান্ত বন্ধ করে রাখা হয়েছে। ফলে কেউ এটি ব্যবহার করতে পারছেন না। এলাকার লোকজন সেতুর নিচ দিয়ে নৌকায় করে নদী পার হচ্ছেন। অনেকেই মালামাল এনে সেতুর এক প্রান্তে নামিয়ে নৌকা দিয়ে নদীর অন্য পাড়ে নিচ্ছেন। ওই এলাকার ব্যবসায়ী সেলিম হোসেন বলেন, উদ্বোধনের জন্য আর কত অপেক্ষা করতে হবে? সেতু থাকার পরও তা ব্যবহার করা যাচ্ছে না। এর চেয়ে দুঃখের আর কী হতে পারে? আকবর হোসেন নামের এক ব্যবসায়ী বলেন, রোদ-বৃষ্টিতে খেয়ানৌকায় নদী পার হতে দুর্ভোগের সীমা থাকে না। সেতুটি খুলে দিলে দুর্ভোগ লাঘব হতো।

এলাকার লোকজন বলেন, সেতুটি চালু হলে নাগরপুরের দক্ষিণ অংশ ছাড়াও মানিকগঞ্জের দৌলতপুর ও সিরাজগঞ্জের চৌহালি উপজেলার অন্তত আটটি ইউনিয়নের মানুষের ঢাকা-টাঙ্গাইল সড়কের সঙ্গে যুক্ত হওয়া অনেক সহজ হতো। ঈদের আগে সেতুটি খুলে দিলে ঘরমুখো মানুষের ফেরাও সহজ হতো।

এলজিইডি টাঙ্গাইল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন বলেন, নির্মাণকাজ শেষে ঠিকাদারের কাছ থেকে সেতুটি বুঝে নেওয়া হয়েছে। টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সাংসদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে এটি উদ্বোধনের চেষ্টা করছেন। এ কারণে সেতুটি খুলে দেওয়া যাচ্ছে না।

এ ব্যাপারে সাংসদ খন্দকার আবদুল বাতেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। তবে ১৮ জুন সাংসদের স্ত্রী মমতাজ খন্দকার ফোন ধরে এ বিষয়ে বলেন, খন্দকার বাতেন সেতুটি উদ্বোধনের ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন। সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে যোগাযোগ হয়েছে। আশা করা যায়, ঈদের পরে প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করানো যাবে।