নির্মাণ শেষের আগেই প্রকল্প নিলামে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার দৌলতখানে একটি আশ্রয়ণ প্রকল্পের নির্মাণকাজ শেষ হওয়ার আগেই সেটি বিক্রির জন্য নিলাম ডাকা হয়েছে। প্রকল্পটি মেঘনার ভাঙনের কবলে পড়ায় ওই নিলাম ডাকা হয়।
ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ মিয়া ও নৌবাহিনীর কমান্ডার নজরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় জলবেষ্টিত মদনপুর ইউনিয়নের চরমুন্সি গ্রামে (৯ নম্বর ওয়ার্ডে) ২ কোটি ৫৪ লাখ ১৪৮ টাকায় প্রকল্পের কাজ শুরু হয়। নৌবাহিনী ২০১৩ সালের শুরুর দিকে কাজ শুরু করে। এর আওতায় ৯০টি পরিবার বসবাসের জন্য পাঁচটি আধাপাকা ভবন (যার প্রতিটিতে ১৮টি কক্ষ রয়েছে), শৌচাগার ও গভীর নলকূপ নির্মাণ হওয়ার কথা। কিন্তু নির্মাণকাজ ৫০-৬০ শতাংশ শেষ না হতেই মেঘনার ভাঙনের মুখে পড়ে প্রকল্পটি।
এরপর প্রধানমন্ত্রীর দপ্তরের পরিদর্শক দল, প্রকল্প বাস্তবায়ন কমিটিসহ সশস্ত্র বাহিনীর লোকজন দেখে নির্মাণকাজ বন্ধ করে ওই অবস্থায় ডিসেম্বরে নিলামের সিদ্ধান্ত নেন।
দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, ১০ লাখ ৮৩ হাজার টাকা দর ধরে দুই বার নিলাম বিজ্ঞপ্তি ডাকা হয়েছে। প্রথমবার সর্বোচ্চ দর উঠেছে ২ লাখ ৭০ হাজার টাকা। দ্বিতীয়বার দর উঠেছে ২ লাখ ৬৫ হাজার টাকা। ভাঙনের তীব্রতা বাড়ায় তৃতীয়বারের নিলামের জন্য অপেক্ষা করা যাবে না। তাই প্রথমবারের সর্বোচ্চ দরদাতাকেই নিলাম দেওয়ার কথা চলছে।
নাম প্রকাশ না করার শর্তে মদনপুর ইউনিয়নের চরমুন্সি ও চরপদ্মা গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, প্রকল্পটি নির্মাণের জন্য ভূমি বাছাই সঠিক হয়নি। ইউনিয়নের মাঝ বরাবর প্রকল্পটি নির্মাণ করা উচিৎ ছিল। সেটি না করে মেঘনার তীরবর্তী এলাকায় জমি নির্বাচন করা হয়েছে।
মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন, যখন আশ্রয়ণ প্রকল্পের জন্য জমি নির্বাচন করা হয় তখন নদী ৩০০-৪০০ হাত দূরে ছিল। নদীর গতিপথ পরিবর্তন করায় প্রকল্পটি ভাঙনের মুখে পড়েছে।