নির্মাণ হয়নি আশ্রয়কেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কাউয়ারচর গ্রামে দেড় হাজার পরিবারের বসবাস। আট বছর আগে ঘূর্ণিঝড় সিডরে ভিটা হারিয়েছে তাদের অনেকে। কিন্তু এখনো এ চরে গড়ে ওঠেনি কোনো আশ্রয়কেন্দ্র।
সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ধুলাসার ইউনিয়নের কাউয়ারচর গ্রাম। সৈকতের তীর ঘেঁষে মানুষের জানমাল রক্ষায় নতুন বনাঞ্চল করা হয়েছে। গ্রামের কেউ চিংড়ির পোনা ধরে, আবার কেউ জেলেদের ট্রলার বা নৌকায় কাজ করে। খড়কুটোর তৈরি ছোট ঝুপড়ি ঘরে রাত কাটে অধিকাংশ মানুষের। ‘ঝড়-বইন্যা আইলে মোগো আশ্রয় নেওয়ার কোনো জায়গা নাই। মোরা অ্যাহনো বিপদের মধ্যে আছি’—কথাগুলো বলছিলেন গ্রামের মনির সিকদার।
মনির সিডরে শুধু মাথা গোঁজার ঠাঁই নয়, হারিয়েছেন তাঁর সাত মাসের সন্তান বায়েজিদকেও। এখন মনিরের দুই সন্তান। বড় মেয়ে লামিয়া শিশু শ্রেণিতে পড়ে। আর মারিয়ার বয়স দুই বছর। মনির বলেন, ‘যহন ঝর-বইন্যার খবর পাই, যহন সাগরের পানির চাপ বাড়ে, তহন ভয়ে কইলজ্যাডায় চাপ দেয়। আর সিডরের কতা মনে ওডলেও মোনডা খারাপ অইয়া যায়।’
২০০৭ সালের ১৫ নভেম্বর সিডরের রাতে কাউয়ারচরের অন্তত ৭০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু আট বছরেও এ চরের বাসিন্দাদের জন্য কোনো আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়নি।
রহিমা বেগম বলেন, ‘সিডরে আমাগো সবকিছু ভাসাইয়া লইয়া গ্যাছে। এই চরেই আবার মাথা গোঁজার ঠাঁই বানাইছি। আমরা কিচ্ছু চাই না, আমাগো একটা আশ্রয়কেন্দ্র দেলেই আমরা বাঁচতে পারমু।’ জেলে আলমগীর হোসেন বলেন, তাঁরা আশ্রয়কেন্দ্রের জন্য মেম্বার-চেয়ারম্যানের কাছে বলতে বলতে ক্লান্ত। কিন্তু কোনো উদ্যোগই নেওয়া হয়নি।
ধুলাসার ইউপি চেয়ারম্যান কে এম খালেকুজ্জামান বলেন, সিডরে কাউয়ারচরের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর কারণ, ওখানে কোনো বন্যানিয়ন্ত্রণ বাঁধ নেই। ওই চরের বাসিন্দারা বললেও এখন পর্যন্ত তাদের দুর্যোগকালীন আশ্রয়ের জন্য কোনো আশ্রয়কেন্দ্র নির্মাণের ব্যবস্থা করতে পারেননি। তিনি উপজেলা পরিষদের সভায়ও বিষয়টি বারবার বলেছেন।