নির্মাণকাজ চলাকালেই ভেঙে পড়ল মুক্তিযোদ্ধার বাড়ির দেয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির রাজাপুর উপজেলায় মুক্তিযোদ্ধাদের জন্য সরকারের গৃহনির্মাণ প্রকল্পের নির্মাণাধীন একটি পাকা ভবনের দুটি দেয়াল ধসে পড়েছে। মেয়াদোত্তীর্ণ সিমেন্ট ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের ফলে দেয়াল দুটি ধসে পড়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধা এ কে এম নূরুল হক (৭৫)। ঘটনাটি ঘটেছে উপজেলার পশ্চিম ইন্দ্রপাশা গ্রামে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রাজাপুর কার্যালয় সূত্র জানায়, মুক্তিযোদ্ধাদের জন্য গৃহনির্মাণ প্রকল্পের আওতায় এলজিইডির অর্থায়নে রাজাপুর উপজেলায় চার কক্ষবিশিষ্ট ছাদঢালাই চারটি বাড়ি নির্মাণ করা হচ্ছে। একতলা পাকা এসব বাড়ি নির্মাণে প্রতিটিতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৮৫ হাজার টাকা। মুক্তিযোদ্ধা নূরুল হকের বাড়িটি উপজেলায় এ ধরনের প্রথম নির্মাণকাজ।
মুক্তিযোদ্ধা নূরুল হক জানান, গত ৮ ফেব্রুয়ারি তাঁর বাড়ির নির্মাণের কাজ শুরু করে ঝালকাঠির এইচ আর এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ শুরুর দুই সপ্তাহ যেতে না যেতেই গত ২০ ফেব্রুয়ারি ভবনের মেঝেতে বালু ভরাট করার সময় পূর্ব পাশের একটি দেয়াল ধসে পড়ে। এরপর নির্মাণসামগ্রীর মান নিয়ে প্রশ্ন তোলেন মুক্তিযোদ্ধা নূরুল হক। কিন্তু তাঁর কথায় কোনো কর্ণপাত না করে ঠিকাদারের লোকজন কাজ চালিয়ে যান। এরপর ৪ মার্চ ভবনের কাজ তদারক করার সময় ভবনের ভেতরের আরেকটি দেয়ালে তিনি হাত রাখলে ওই দেয়ালটি নড়ে ওঠে। ওই দেয়ালটিও ধসে পড়ার উপক্রম হলে তিনি নির্মাণকাজ বন্ধ করে দেন। পরে ঠিকাদার রিয়াজ হোসেন ও উপজেলা সহকারী প্রকৌশলী জাকির হোসেন এসে সেই নড়বড়ে দেয়ালটিও ফেলে দেন।
মুক্তিযোদ্ধা নূরুল হক বলেন, ‘সরকার মুক্তিযোদ্ধাদের জন্য এত কিছু করছে কিন্তু দুর্নীতিবাজ ও লুটেরাদের কারণে সরকারের সব অর্জন আজ ম্লান হয়ে যাচ্ছে। যে বাড়িটি আমার জন্য সরকারি টাকায় নির্মাণ করা হচ্ছে, তাতে কীভাবে পরিবার-পরিজন নিয়ে নিশ্চিন্তে থাকব?’
গত শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, বাড়ি নির্মাণের সময় পূর্ব পাশের যে দেয়ালটির গাঁথুনি ধসে পড়ে, সেসব ইট পাশেই স্তূপ করে রাখা হয়েছে এবং বর্তমানে কাজ বন্ধ রয়েছে। নির্মাণসামগ্রীর মধ্যে ১০০ বস্তা সিমেন্টের ৮৮ বস্তা ইতিমধ্যে বাড়ি নির্মাণে ব্যবহার করা হয়েছে, যার বেশির ভাগই মেয়াদোত্তীর্ণ এবং রডগুলো নিম্নমানের। সিমেন্ট উৎপাদনের এক মাসের মধ্যে ব্যবহার করার নির্দেশনা থাকলেও বস্তার গায়ে লেখা সেই মেয়াদ ছয় থেকে নয় মাস আগেই শেষ হয়ে গেছে। ফলে সিমেন্টগুলো জমাট বেঁধে গেছে।
নির্মাণশ্রমিকদের সরদার মো. রাহুল বলেন, ‘ঝালকাঠির এইচ আর এন্টারপ্রাইজের ঠিকাদার রিয়াজ হোসেন আমাদের কাজটি করতে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন। আমরা আগেই ঠিকাদারকে বলেছি নির্মাণসামগ্রীগুলোর মান ভালো নয়। তাই ঠিকাদারকে মেয়াদোত্তীর্ণ সিমেন্টগুলো সরিয়ে নিতে বলেছিলাম।’
এ বিষয়ে জানতে চাইলে রাজাপুর উপজেলা প্রকৌশলী লুৎফর রহমান বলেন, ‘অভিযোগ পেয়ে সহকারী প্রকৌশলী জাকির হোসেনকে ঘটনাস্থলে পাঠিয়েছি। সব নির্মাণসামগ্রী খারাপ নয়। তবে সিমেন্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সেগুলো পরিবর্তন করতে বলা হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে এইচ আর এন্টারপ্রাইজের ঠিকাদান রিয়াজ হোসেন বলেন, ‘আমরা যে দোকান থেকে সিমেন্ট কিনেছি, তারা মেয়াদোত্তীর্ণ সিমেন্ট দিয়েছে। তাই সেগুলো পরিবর্তন করছি।’ বাড়ির নির্মাণকাজের তো অর্ধেক সম্পন্ন হয়েছে, তাতে যে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে, সে প্রসঙ্গে জিজ্ঞেস করলে তিনি কোনো জবাব দেননি।
এ বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘একাত্তরে কোনোমতে জীবনটা বাঁচলেও এখন যেভাবে বাড়ি নির্মাণ হচ্ছে, তাতে আমরা বাঁচতে পারি কি না সন্দেহ। সরকার প্রতিটি বাড়ির জন্য প্রায় ১০ লাখ টাকা বরাদ্দ করেছে, এর অর্ধেক টাকাও যদি ঠিকাদার খরচ করে, তবে বাসযোগ্য একটি বাড়ি নির্মাণ করা সম্ভব। কিন্তু সেটাও করা হচ্ছে না।’