শেরপুরের ঝিনাইগাতী উপজেলা থেকে শ্রীবর্দী উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগের জন্য সোমেশ্বরী নদীর ওপর নির্মাণাধীন দুপুরিয়া সেতুর কাজ তিন বছর ধরে বন্ধ আছে। ফলে ১৯ কিলোমিটার সড়কের জায়গায় ৪০ কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা গেছে, সড়ক ও জনপথ বিভাগের অধীনে ঝিনাইগাতী সদরের সঙ্গে শ্রীবর্দী উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের জন্য ২০১১ সালে জেলা সড়ক প্রকল্পের মাধ্যমে কাংশা ইউনিয়নে সোমেশ্বরী নদীর ওপর দুপুরিয়া সেতু নির্মাণের কাজ শুরু হয়। ২ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে তখন কাজটির দায়িত্ব পায় পুরকৌশল প্রযুক্তি লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দুই বছরে নদীর দুই পাশে শুধু ভিত্তিপ্রস্তর স্থাপন করে। ২০১৩ সালে প্রকল্পটি বাতিল হয়ে যায়। বর্তমানে অসমাপ্ত সেতু ও সড়ক প্রকল্পের (পিএমপি) আওতায় নতুন করে দরপত্রের মাধ্যমে ৩ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে কাজটি দায়িত্ব পেয়েছে নবারুণ টেড্রার্স নামে একটি প্রতিষ্ঠান। ২০১৫-১৬ অর্থবছরের মধ্যে সেতু নির্মাণের কাজ শেষ করার কথা।
কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রব সরকার বলেন, সেতু না থাকায় এই পথে চলাচলকারী দুই উপজেলার মানুষ অনেক কষ্ট করে। সেতুটি হলে এলাকাবাসীর দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণ হবে।
শেরপুর সওজের উপবিভাগীয় প্রকৌশলী মাসুদ মাহমুদ বলেন, ‘নতুন করে দুপুরিয়া সেতু নির্মাণের জন্য কাজটির দায়িত্ব পেয়েছে নবারুণ টেড্রার্স। আশা করছি, খুব দ্রুত কাজটি শুরু হবে।’