স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে জেলা পর্যায়ে এই প্রথম একটি আইএইচটি নির্মাণ করা হচ্ছে। আগামী শিক্ষা বছর থেকে এলাকার মানুষ এই প্রতিষ্ঠান থেকে সেবা পেতে শুরু করবে।
গতকাল মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের কাজীপুরে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনকালে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, রায়গঞ্জে একটি নার্সিং মহাবিদ্যালয় (বিএসসি) প্রতিষ্ঠার বিষয়ে প্রাথমিক কাজ চলছে।
সিরাজগঞ্জের সিভিল সার্জন ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, কাজীপুরের গান্ধাইল ইউনিয়নের সীমান্ত বাজারে ২০১৫ সালের ৩ জুলাই আইএইচটি নির্মাণকাজ শুরু হয়। ইতিমধ্যেই ৭০ ভাগ সম্পন্ন হয়েছে। সারা দেশে বিভাগীয় পর্যায়ে এ ধরনের প্রতিষ্ঠান থাকলেও জেলা পর্যায়ে সিরাজগঞ্জে এই প্রথম প্রতিষ্ঠিত হচ্ছে।
সিরাজগঞ্জের সিভিল সার্জন শেখ মনজুর রহমান বলেন, চার বছর মেয়াদের ডিপ্লোমা কোর্স সম্পন্ন করার পর এখানকার শিক্ষার্থীরা সেনেটারি ইন্সপেক্টর হওয়ার যোগ্যতা অর্জন করবেন।