মাদারীপুরের কালকিনি উপজেলার কাজীবাকাই ইউনিয়নের ভূরঘাটা-শশিকর সড়কের আহম্মেদ ফকিরের বাড়ি থেকে পশ্চিম মাইজপাড়া দিনারা মাদ্রাসার এতিমখানা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের নির্মাণকাজ আড়াই বছর ধরে বন্ধ রয়েছে। এ কারণে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।
কাজীবাকাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর মোহাম্মদ হাওলাদার বলেন, ‘আমরা এ কাজের জন্য বারবার উপজেলা প্রকৌশলীকে চাপ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছি না। দীর্ঘদিন যাবৎ রাস্তাটি পড়ে থাকায় এলাকাবাসীর দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে।’
জানা যায়, সড়কটি নির্মাণের জন্য ২০১০-১১ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় ৮১ লাখ ৩৩ হাজার টাকার দরপত্র আহ্বান করে। সর্বনিম্ন দরদাতা হিসেবে ৭৭ লাখ ২৭ হাজার টাকায় কাজ পায় মেসার্স সান এন্টারপ্রাইজ। ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি প্রকল্পের কাজ শুরু হয়। ১৮০ দিনের মধ্যে কাজ শেষ করার কথা। কিন্তু ঠিকাদার ৭০ ভাগ কাজ করে ফেলে রেখেছেন। ফলে সড়কটি যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে।
সান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সান ভূইয়া বলেন, ‘আমি যেটুকু কাজ করেছি, তার বিল নিয়েছি। বিভিন্ন সমস্যার কারণে কাজ করতে পারিনি। বর্ষা গেলে বাকি কাজ করব।’
কালকিনি উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী মোশারাফ হোসেন বলেন, ‘আমরা কাজ করার জন্য বারবার ঠিকাদারকে বলেছি, ইতিমধ্যে তাঁকে কাজ না করার কারণে কারণ দর্শানো হয়েছে। কাজ করবে বলে ঠিকাদার জানিয়েছেন।’ উপজেলা এলজিইডির প্রকৌশলী মামুন বিশ্বাস জানান, ‘আমরা কাজ করার জন্য চাপ প্রয়োগ করে যাচ্ছি। ঠিকাদার বর্ষা গেলে কাজ করবেন বলে জানিয়েছেন।’
মাদারীপুর এলজিইডির জেলা নির্বাহী প্রকৌশলী মোতালেব বিশ্বাস প্রথম আলোকে জানান, ঠিকাদারকে কয়েকবার কাজ করতে বলা হয়েছে। কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। সড়কের কাজ শেষ করবে বলে ঠিকাদার প্রতিশ্রুতি দিয়েছেন।