নির্মাণকাজ বন্ধ করে ধানমন্ডি মাঠ খুলে দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানমন্ডি মাঠ সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার দাবিতে গতকাল মাঠের সামনে (মিরপুর রোডের পাশে) নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয় ।  ছবি: প্রথম আলো
ধানমন্ডি মাঠ সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার দাবিতে গতকাল মাঠের সামনে (মিরপুর রোডের পাশে) নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয় । ছবি: প্রথম আলো

ধানমন্ডি মাঠ সর্বসাধারণের জন্য আবার উন্মুক্ত করার দাবিতে মাঠটির সামনে গতকাল শুক্রবার সমাবেশ করেছে পরিবেশবাদীসহ অন্তত ৫০টি সংগঠন। সমাবেশে আদালতের নির্দেশনা অনুসারে মাঠটি খুলে দিয়ে সেখানে স্থাপনা নির্মাণ বন্ধ করারও দাবি জানানো হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে থাকা একসময়ের উন্মুক্ত ধানমন্ডি মাঠে দুই বছর ধরে কাউকে ঢুকতে দেওয়া হয় না। স্থানীয় শিশু-কিশোরেরা এখানে খেলতেও পারে না।
সমাবেশে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘মহামান্য আদালতের নির্দেশনা বরখেলাপ করে কীভাবে একটি মহল মাঠটি দখল করে রেখেছে, তা আজ আমাদের কাছে বড় প্রশ্ন।’ তিনি মাঠটি জনগণকে ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম বলেন, ক্লাব বা ব্যক্তিস্বার্থে ধানমন্ডি মাঠ নয়, এই মাঠ জনগণের স্বার্থে।
বিভিন্ন সংগঠন প্রায় এক বছর ধরে মাঠটিতে অবাধ প্রবেশাধিকার ও খেলাধুলার সুযোগ দেওয়ার দাবিতে আন্দোলন করছে। সম্প্রতি মাঠে কয়েকটি স্থাপনা নির্মাণের উদ্যোগ নেওয়ায় নতুন করে সরব হয়েছে আন্দোলনকারীরা। তবে গতকাল মাঠটিতে ১০-১২টি ছেলেকে ক্রিকেট খেলতে দেখা যায়।
সমাবেশের সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন এ প্রসঙ্গে বলেন, ‘আজ কিছু ছেলেকে এনে খেলানো হচ্ছে। তবে মাঠের ঘাসের অবস্থা দেখে নিশ্চিত করে বলা যায়, এখানে নিয়মিত খেলা হয় না। কোনো বাড়ির ঘরের দেয়ালে যদি কোনো দাগ না থাকে, তবে ধরে নিতে হয় সেই বাড়ির শিশুদের অভিভাবকেরা কড়া শাসনের মধ্যে রাখেন। এই মাঠ দেখেও বলা যায়, এখানে কোনো দিন খেলা হয় না।’
মোবাশ্বের হোসেন বলেন, মাঠটি দখল করতে প্রধানমন্ত্রীর ভাইয়ের নাম ব্যবহার করা হচ্ছে। এটা লজ্জাজনক। প্রধানমন্ত্রীকে সঠিক তথ্য দেওয়া হচ্ছে না।
মাঠটি দখলের চেষ্টা চলছে—এই অভিযোগ তুলে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘চিহ্নিত ভূমিদস্যুরা এর পেছনে আছে। মাঠটি দখলমুক্ত করতে ব্যবস্থা না নিলে এলাকাবাসীকে নিয়ে আমরাই এটা দখল করব।’
টেলিভিশন ব্যক্তিত্ব হানিফ সংকেত বলেন, ‘অতীতে ভূমিদস্যু, চর-নদীর দখলদার দেখেছি। এখন শুরু হয়েছে মাঠের দখল।’
সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন বলেন, ধানমন্ডি মাঠ খেলোয়াড়, এলাকাবাসী ও সাধারণ জনগণের।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক আলমগীর কবিরের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন নারীনেত্রী খুশী কবির, ক্রিকেটার জাভেদ ওমর বেলিম, মোহাম্মদ আশরাফুল প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল মাঠটির চারপাশ প্রদক্ষিণ করে।
ধানমন্ডি মাঠে ক্রীড়া স্থাপনা নির্মাণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে গত বুধবার দক্ষিণ সিটি করপোরেশনকে চিঠি দিয়েছে রাজউক। এ করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনসার আলী খান গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, মাঠ ঘিরে দেওয়া অন্যায় নয়। কিন্তু এখানে অন্যের প্রবেশ নিষিদ্ধ করা অন্যায়। আর শেখ জামাল ক্লাবের সভাপতি মঞ্জুর কাদের বলেন, মাঠটিতে নির্মাণকাজ শেষ হলে এটি উন্মুক্ত করে দেওয়া হবে।