নির্মাণকাজ বন্ধ, জনদুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর-লালপুর সড়কের নির্মাণকাজ এক মাস ধরে বন্ধ করে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে দুই গ্রামের মানুষকে যাতায়াত করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলজিইডি দাউদকান্দি উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার গৌরীপুর-লালপুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার মাটির রাস্তা পাকা করার উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এ কাজের অংশ হিসেবে ঠিকাদারি প্রতিষ্ঠান ঈশান এন্টারপ্রাইজকে সড়কের প্রথম এক কিলোমিটার অংশে মাটি ভরাট ও পাকা করার কাজটি দেওয়া হয়।
গৌরীপুর ইউনিয়নের চরমাহমুদ্দী ও মৌলভীখালপাড় গ্রামের বাসিন্দারা বলেন, এ সড়কে মাটি কাটার পর ঠিকাদারি প্রতিষ্ঠান কোথাও বালু ভরাট করেছে, আবার কোথাও করেনি। এ অবস্থায় যানবাহন চলাচল তো দূরের কথা, দুই গ্রামের শিক্ষার্থী ও সাধারণ মানুষ হেঁটে যাতায়াত করতে পারছে না। মালামাল পরিবহনে কষ্টের শেষ নেই।
এলজিইডি সূত্র আরও জানায়, ঠিকাদারি প্রতিষ্ঠান ইট বিছানোর আগে সড়কের পাশে তা স্তূপ করে রেখে দেয়। এ সময় গত ফেব্রুয়ারি মাসে উপজেলা প্রকৌশলী কাজটি দেখতে যান। তিনি স্তূপ করা নিম্নমানের ইট দেখে তা সরানোর জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেন। এরপর এক মাস পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের ইটগুলো সরিয়ে নিচ্ছে না আর ভালো মানের ইট দিয়ে কাজও শুরু করছে না।
ঈশান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গিয়াস উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, উপজেলা প্রকৌশলী সড়কের পাশে রাখা ইটগুলোকে নিম্নমানের মনে করে কাজটি বন্ধ করে দিয়েছেন। আজ সোমবার থেকে নির্মাণকাজ পুনরায় শুরু করা হবে। প্রকৌশলীর নির্দেশ অনুযায়ী, আগামী জুলাই মাসের আগে ভালো মানের সামগ্রী দিয়ে সড়কের কাজটি শেষ করা হবে।
দাউদকান্দি উপজেলা প্রকৌশলী মুহাম্মদ রুবাইয়াত জামান বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের ইট দিয়ে সড়কের কাজ করার চেষ্টা করে। সরেজমিনে সড়কের পাশে নিম্নমানের ইট দেখে তা সরিয়ে ভালো মানের ইট দিয়ে কাজটি করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু ঠিকাদার নির্মাণকাজটি বন্ধ করে রেখেছেন।