নির্মাণকাজ বন্ধ রাখতে চউকের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নালার ওপর বিপণিবিতানের নির্মাণকাজ বন্ধ রাখতে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীকে চিঠি দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। গত বৃহস্পতিবার চউকের নির্বাহী প্রকৌশলী সই করা এ চিঠি দেওয়া হয়।
বহদ্দারহাটে নালার ওপর চউকের অনুমোদন না নিয়ে বিপণিবিতান নির্মাণ করছিল চট্টগ্রাম সিটি করপোরেশন। পরে উচ্চ আদালতের নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে নির্মাণকাজ বন্ধ রাখে করপোরেশন। এ নিয়ে ৪ ফেব্রুয়ারি প্রথম আলোতে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
চিঠিতে বলা হয়েছে, ইমারত নির্মাণ আইন-১৯৫২ অনুযায়ী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন এলাকার মধ্যে ইমারত নির্মাণে এর নকশার অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। সিটি করপোরেশন অনুমোদন ছাড়াই ‘বহদ্দারহাট শপিং কমপ্লেক্স’ নামের এক তলা ভবন নির্মাণের কাজ করছে। অনুমোদন ব্যতীত কোনো ধরনের নির্মাণকাজ থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।