নির্মাণকাজ শুরু হয়নি ৫ বছরেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি সমস্যার কারণে প্রকল্পের মেয়াদ শেষ হতে চললেও নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণকাজ এখনো শুরু হয়নি। প্রশাসন এবং মুক্তিযোদ্ধা সংসদের স্থানীয় নেতাদের মধ্যে কমপ্লেক্স নির্মাণের জন্য জায়গা নির্বাচন নিয়ে জটিলতার কারণে নির্মাণকাজ শুরু করা যাচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে প্রকল্প অনুমোদনের পর পাঁচ বছর পার হতে চললেও কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু না হওয়ায় আদৌ কমপ্লেক্স নির্মাণ হবে কি না, এ নিয়ে সংশয় দেখা দিয়েছে মুক্তিযোদ্ধাদের মাঝে।
জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ইউনিট ও জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০১০ সালে ১৩০ কোটি টাকা ব্যয়ে দেশের সব জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের ঘোষণা দেয় সরকার। এ প্রকল্পের উদ্দেশ্য স্বাধীনতাযুদ্ধের স্মৃতি উজ্জ্বল করে রাখা এবং ভবনের আয় থেকে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা দেওয়া এবং তাঁদের জন্য কল্যাণকর কাজে ব্যয় করা। প্রতিটি ভবনে দোকান, মিলনায়তন, গ্রন্থাগার ও মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘর থাকবে। এই লক্ষ্যে ওই বছরেই দেশের অন্য জেলার মতো নওগাঁয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য ২ কোটি ৯৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড অফিসের জন্য প্রয়োজনীয় আসবাব দেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে। ব্যবহারের অভাবে সেগুলো নষ্ট হওয়ার পথে। প্রথমে যখন প্রকল্পটি আসে সেই সময়ের জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধারা সবাই মিলে সরকারি কেডি স্কুলের জায়গায় শহরের মুক্তি মাঠে শহীদ মিনারের পেছনের স্থান নির্বাচন করেন। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এখন পর্যন্ত জায়গাটা ছাড় না দেওয়ায় সেখানে কমপ্লেক্স নির্মাণ করা যায়নি। পরে কমপ্লেক্স নির্মাণের জন্য প্রশাসন সদর মডেল থানার পেছনে চকবাড়িয়া এলাকায় প্রায় ১২ শতাংশের একটি জায়গা দেয়। কিন্তু জায়গাটি অনুন্নত এবং রাস্তাঘাট না থাকায় সেখানে কমপ্লেক্স নির্মাণের বিরোধিতা করেন মুক্তিযোদ্ধা সংসদের স্থানীয় নেতারা। পরে মুক্তিযোদ্ধা সংসদের নিজস্ব জায়গা শহরের গাঁজা গোলা মোড়ে কমপ্লেক্সের ভবন নির্মাণ করার প্রস্তাব করেন সংসদের নেতারা। সেখানে কমপ্লেক্স নির্মাণের জন্য মৌখিক সম্মতিও দিয়েছেন জেলা প্রশাসক। তবে কবে নাগাদ এই কমপ্লেক্সের নির্মাণকাজ শুরু হবে তা জানা যায়নি।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিটের কমান্ডার হারুন আল রশিদ বলেন, ‘প্রশাসনের যথাযথ তদারকি এবং রাজনৈতিক নেতাদের সদিচ্ছার অভাবে শিক্ষা মন্ত্রণালয় এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রীকে বৈঠকে বসানো যায়নি। দুই মন্ত্রণালয়ের শুধু একটি বৈঠকেই এই সমস্যার সমাধান হওয়া সম্ভব। কিন্তু সেই কাজটাই এত দিনে করা যায়নি। পরে প্রশাসন যে জায়গায় কমপ্লেক্স করার জায়গা দিয়েছিল, সে জায়গা অনুন্নত হওয়ায় সংসদের নেতৃবৃন্দ সেটার বিরোধিতা করেছেন। মুক্তি মাঠে জায়গাটা না পাওয়ায় বাধ্য হয়ে মুক্তিযোদ্ধা সংসদের নিজেদের জায়গায় কমপ্লেক্স ভবন নির্মাণ করে দেওয়ার জন্য আমরা প্রশাসনকে প্রস্তাব দিয়েছি।’
সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোলাম সামদানি বলেন, ‘কমপ্লেক্স নির্মাণ না হওয়ায় অনেক সমস্যার মধ্যে আছি। সংসদের জেলা ও সদর উপজেলা ইউনিটের অফিসের জন্য প্রশাসন থেকে পুরাতন কালেক্টরেট চত্বরে দুটি কক্ষ দেওয়া হয়েছে। কমপ্লেক্স ভবনের অফিসের জন্য দেওয়া আসবাব, কম্পিউটার এখানে গাদাগাদি করে রাখা হয়েছে। ব্যবহারের অভাবে সেগুলো নষ্ট হওয়ার পথে।’
অতিরিক্ত জেলা প্রশাসক আমীরুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধা সংসদের সর্বশেষ প্রস্তাবিত জায়গায় কমপ্লেক্স করার জন্য প্রশাসনের সম্মতি রয়েছে। এ ব্যাপারে মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য একটি চিঠি পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তবে স্থান নির্ধারণের প্রক্রিয়া শেষ করে কবে নাগাদ কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হবে তা নির্দিষ্ট করে জানাতে পারেননি তিনি।