নির্মাণকাজ শেষ, তবুও চালু হচ্ছে না শহীদ বরকত স্মৃতি জাদুঘর
এক বছর আগে নির্মাণকাজ শেষ হলেও উদ্বোধন করা হয়নি শহীদ বরকত স্মৃতি জাদুঘর। ২০০৯ সালের ৮ ফেব্রুয়ারি শেষ হয়েছে ওই জাদুঘর ও সংগ্রহশালার নির্মাণকাজ। ঠিকাদারেরা বলছেন, এখন তাঁদের কিছু করার নেই। আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, মন্ত্রী, নাকি অন্য কেউ উদ্বোধন করবেন, তা নির্ধারণ না হওয়ায় জাদুঘরটি চালু করা যাচ্ছে না।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন-অর-রশীদ প্রথম আলোকে বলেন, ‘নির্মাণকাজ শেষ হয়েছে এটি সত্য। কিন্তু কিছু জটিলতার কারণে এটি উদ্বোধন করা যাচ্ছে না।’ কী সেই জটিলতা জানতে চাইলে তিনি বলেন, ‘মন্ত্রীদের সময় পাওয়া যায় না, আবার কোন মন্ত্রীকে আনা হবে সেসব বিষয়ে সিদ্ধান্তহীনতার কারণেই উদ্বোধন আটকে আছে। এ ছাড়া স্থাপনাটি দেখাশোনার জন্য যে লোকবল দরকার তারও অনুমোদন পাওয়া যায়নি।’ভাষাশহীদ বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শেষবর্ষের ছাত্র ছিলেন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তিনি শহীদ হন। সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকারের সময় তাঁর স্মৃতি রক্ষায় এই জাদুঘর ও সংগ্রহশালা নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়। ২০০৮ সালের ৮ অক্টোবর জাদুঘরের অবকাঠামো নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, নির্মাণকাজে নিয়োজিত প্রতিষ্ঠান এখনো কাজ শেষ করতে না পারায় হস্তান্তর করা সম্ভব হচ্ছে না। চলতি মাসেই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানান তিনি।ঠিকাদারি প্রতিষ্ঠান প্রভাতী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবদুল কাশেম ভূঁইয়া বলেন, ‘৬১ লাখ ১৫ হাজার টাকায় আমরা কাজটি পেয়েছি। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আমরা যথাসময়ে কাজ শেষ করার চেষ্টা করি। ২০০৯ সালের ৮ ফেব্রুয়ারি নির্মাণকাজ শেষ হয়। দরপত্রে যেসব কাজের কথা ছিল তার পাশাপাশি সৌন্দর্য বৃদ্ধির জন্য আমাদের যখন যে কাজ করতে বলা হয়েছে, সেটিই করেছি।’ লোকবল নিয়োগের কথা জানতে চাওয়া হলে বিশ্ববিদ্যালয়ের শাখা কর্মকর্তা আবদুল খালেক ভূঁইয়া বলেন, বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালার রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রদর্শক, গ্রন্থাগার সহকারী, পিওন, নিরাপত্তাকর্মীর ছয়টি পদ সৃষ্টি করে। সিন্ডিকেট ২০০৯ সালের ৬ সেপ্টেম্বর তা অনুমোদন করে। চূড়ান্ত অনুমোদনের জন্য চলতি মাসের ৭ তারিখে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে পাঠানো হয়েছে। সিন্ডিকেটে অনুমোদনের পর মঞ্জুরি কমিশনের কাছে পাঠাতে বিলম্বের কারণ জানতে চাওয়া হলে তিনি এর উত্তর দিতে পারেননি।একটি সূত্র জানায়, ২০০৯ সালের ১০ ফেব্রুয়ারি এলজিআরডি সিদ্ধান্ত নেয়, অবকাঠামো নির্মাণের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালা হস্তান্তর করা হবে। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও সেটি করা হয়নি। সহ-উপাচার্য হারুন-অর-রশীদ জানান, হস্তান্তরের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই জাদুঘর ও সংগ্রহশালা দেখভাল করবে এবং এর পরিচালন খরচও বহন করবে। সেখানে থাকবে পাঠাগার ও পাঠকক্ষ, বরকতের লাইফস্কেচ এবং তাঁর ব্যবহার্য জিনিসপত্র। ইতিমধ্যে এক লাখ টাকার বই ও আসবাবপত্র কেনা হয়েছে। এ ছাড়া ভাষা আন্দোলনের তেলচিত্রও থাকবে জাদুঘরে। ইতিমধ্যে ওই জাদুঘরের জনবল কাঠামোর প্রস্তাব বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশনে পাঠানো হয়েছে। সেই অনুমোদন চলে এলেই লোক নিয়োগ ও উদ্বোধন করা হবে। শহীদ বরকতের ভাতিজা আলাউদ্দিন বরকত বলেন, ‘এ বছর একুশে ফেব্রুয়ারির আগেই জাদুঘরটি উদ্বোধন হবে বলে আমরা আশা করেছিলাম। কিন্তু সেটি হলো না। সরকারের কাছে অনুরোধ, দ্রুত যেন ভবনটি উদ্বোধন করা হয়।’ বিগত তত্ত্বাবধায়ক সরকার সাত বীরশ্রেষ্ঠ ও চার ভাষাশহীদের নামে স্মৃতি জাদুঘর, গ্রন্থাগার এবং প্রত্যেক শহীদের নামে নিজ গ্রামের নামকরণের সিদ্ধান্ত নেয়। কিন্তু বরকতের জন্ম পশ্চিমবঙ্গে হওয়ায় স্থান নির্বাচনে কিছুটা জটিলতা তৈরি হয়। এ কারণে ওই জাদুঘরের নির্মাণকাজ শুরু হয় সব শেষে।