নির্মাণকাজ শেষ না হতেই কালভার্টধস
বরিশালের আগৈলঝাড়া উপজেলার উত্তর শিহিপাশা গ্রামে জেলা পরিষদের অধীনে নির্মাণাধীন কালভার্টটি ধসে পড়েছে৷ নির্মাণকাজে ঠিকাদারের অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে গত শনিবার কালভার্টটি ধসে পড়েছে বলে স্থানীয় লোকজনের অভিযোগ৷
সরেজমিনে দেখা যায়, নির্মাণাধীন কালভার্টের দুই পাশের গাইড ওয়ালের ফাউন্ডেশন ঠিকমতো না হওয়ায় সেটি ধসে পড়েছে৷ কালভার্টের ইটের গাঁথুনিতে সামান্য ধাক্কা দিলেই ইট খুলে যাচ্ছে৷
স্থানীয় লোকজন, ঠিকাদার ও জেলা পরিষদ সূত্রে জানা গেছে, জেলা পরিষদের উদ্যোগে ২০১৩-১৪ অর্থবছরে আগৈলঝাড়ার রাজিহার-গৈলা খালের উত্তর শিহিপাশা নামক স্থানে একটি কালভার্ট নির্মাণের জন্য প্রকল্প গ্রহণ করা হয়৷ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয় এক লাখ ৯৫ হাজার টাকা৷
গত মার্চে দরপত্র আহ্বান করে ১৫ এপ্রিল ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রুবেল এন্টারপ্রাইজকে কার্যাদেশ দেওয়া হয়৷ চলতি বছরের ৩০ জুনের মধ্যে প্রকল্পকাজ শেষ হওয়ার কথা রয়েছে৷ ১ জুন ঠিকাদার নির্মাণকাজ শুরু করেন৷ ওই ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ শুরু করে৷
উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের মো. জানে আলম, হেদায়েতুল ইসলাম ও জাহাঙ্গীর হোসেন অভিযোগ করেন, ঠিকাদার নির্মাণকাজে নিম্নমানের খোয়া ও ঢালাইয়ের কাজে স্থানীয় িবট বালু ব্যবহার করেছেন৷ ঢালাইয়ের কাজে সিমেন্টও পরিমাণ মতো দেওয়া হয়নি৷ নির্মাণকাজে যে পরিমাণ রড ব্যবহার করার কথা ছিল ঠিকাদার তা করেননি৷ স্থানীয় লোকজন নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ করতে বাধা দিলে ঠিকাদার তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন৷ বিষয়টি তাঁরা জেলা পরিষদ কর্তৃপক্ষকে জানালেও ঠিকাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি৷
এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রুবেল এন্টারপ্রাইজের মালিক রুবেল হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ সত্য নয়৷
প্রকল্পের তদারক কর্মকর্তা ও জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী জাহিদ হোসেন বলেন, ‘কালভার্ট ধসে পড়ার বিষয়টি আমার জানা নেই৷ অভিযোগ সত্য হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নতুন করে কাজ করে দিতে হবে৷’