কক্সবাজারের টেকনাফ-শামলাপুর সড়ক নির্মাণে পুরোনো ইট, খোয়াসহ নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে। নির্মাণকাজ শেষ হওয়ার আগেই সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে। সড়কটি চালু হলে তা দ্রুত যান চলাচলের অনুপযোগী হয়ে পড়বে বলে এলাকাবাসী আশঙ্কা করছেন।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) টেকনাফ কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৫-০৬ ও ২০০৭-০৮ অর্থবছরে দুই ঠিকাদার টেকনাফ-শামলাপুর সড়কের (সাড়ে ৩১ কিলোমিটার) সাড়ে ১৩ কিলোমিটারের নির্মাণকাজ শেষ করেন। সড়কের এই অংশের বিভিন্ন জায়গা ধসে গেছে। ২০০৯-১০ অর্থবছরে ১৮ কিলোমিটার সড়ক নির্মাণে প্রায় ১০ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে উত্তর মাথাভাঙ্গার ফজল হক মার্কেট থেকে সামলাপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ পায় ফেনীর রুহুল আমিন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। বাকি সাত কিলোমিটার সড়কের কাজ পায় আরসি-এবি কনফেডিয়াম। সড়কের কাজ ৩১ মার্চের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এ পর্যন্ত ৮৫ শতাংশ কাজ শেষ হয়েছে।গত ৫ মার্চ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোকন কান্তি সাহার নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে সড়ক নির্মাণকাজে অবৈধভাবে স্থানীয় নিম্নমানের পাথর ব্যবহারের দায়ে ঠিকাদারি প্রতিষ্ঠান রুহুল আমিনকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।গত সোমবার সরেজমিন গিয়ে দেখা গেছে, সড়কের উত্তর মাথাভাঙ্গার ফজল হক মার্কেট থেকে শামলাপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত অংশে কার্পেটিংয়ের কাজ চলছে। এ কাজে নিম্নমানের খোয়া ব্যবহার করা হচ্ছে। বাকি সাত কিলোমিটারের কাপের্টিংয়ের কাজে ব্যবহারের জন্য নিম্নমানের খোয়া ও বালু ফেলে রাখা হয়েছে। এলাকাবাসী অভিযোগ করেন সড়কটিতে পুরোনো ইট, নিম্নমানের খোয়া ও প্রয়োজনের তুলনায় কম বিটুমিন ব্যবহার করা হচ্ছে। মিঠাপানির ছড়া গ্রামের আবদুল আজিজ (৫৫) অভিযোগ করেন, ‘রাস্তায় খোয়া ঠিকমতো দিতে দেখিনি।’ রাজারছড়া গ্রামের খলিলুর রহমান (৪৮) অভিযোগ করেন, ‘রাস্তার কাজ একেবারেই নিম্নমানের হয়েছে। অনেক জায়গায় কার্পেটিং উঠে গেছে এবং নির্মাণের কিছু দিনের মাথায় বিশাল অংশ ধসে পড়েছে।’ ঠিকাদারি প্রতিষ্ঠান রুহুল আমিনের পক্ষে রাস্তার কাজ করছেন ঠিকাদার আতিকুর রহমান। তিনি বলেন, ‘রাস্তার কাজে একটুও গাফিলতি করিনি। লামা থেকে পাথর এনে এর সঙ্গে ভালো খোয়া মিশিয়ে রাস্তায় দিচ্ছি।’ ঠিকাদারি প্রতিষ্ঠান আরসি-এবি কনফেডিয়ামের মালিক হাবিবুর রহমান বলেন, ‘আন্তরিকতার সঙ্গে রাস্তার কাজ করেছি।’ বাহারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাফেজ মাওলানা সাইফুল্লাহ বলেন, প্রথম থেকে এ সড়কের নিমার্ণকাজে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো দুর্নীতির আশ্রয় নিয়েছে। নিম্নমানের কাজ করায় এলাকাবাসী কয়েক দফা নিমার্ণকাজ বন্ধ করে দেয়। যেভাবে সড়ক নির্মাণ করা হচ্ছে তাতে এর স্থায়িত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।