নির্মাণকাজ শেষ হলেও চালু হয়নি দুটি সেতু
পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের আন্ধারমানিক নদের ওপর নির্মিত শেখ কামাল ও সোনাতলা নদীর ওপর নির্মিত শেখ জামাল সেতুর নির্মাণকাজ শেষ হলেও সেতু দুটি যান চলাচলের জন্য খোলা হয়নি। এ নিয়ে স্থানীয় জনসাধারণসহ কুয়াকাটায় আসা পর্যটকেরা ক্ষোভ প্রকাশ করেছেন।
পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর বলেন, আন্ধারমানিক নদের কলাপাড়া-নীলগঞ্জ পয়েন্টে শেখ কামাল সেতু নির্মিত হয়েছে। এ সেতুর দৈর্ঘ্য ৮৯১ দশমিক ৭৬ মিটার। গত বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে সেতুটির নির্মাণকাজ শেষ হয়। একই সড়কের হাজীপুর-পুরান মহিপুর পয়েন্টে শেখ জামাল সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে গত মাসের প্রথম সপ্তাহে। এ সেতুর দৈর্ঘ্য ৪৮২ মিটার। সংশ্লিষ্ট একটি সূত্র বলেছে, শুধু আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য সেতু দুটি যানবাহন চলাচলের জন্য এখনো খোলা হয়নি।
সরেজমিনে জানা গেছে, পর্যটনকেন্দ্র কুয়াকাটায় দুই মাস ধরে বিপুলসংখ্যক পর্যটক আসছেন। এ সড়কের কলাপাড়া-নীলগঞ্জ ও হাজীপুর-পুরান মহিপুর পয়েন্টের ফেরি পারাপার পর্যটকসহ সাধারণ মানুষের ভোগান্তির অন্যতম কারণ। ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের পর্যটকদের সারা পথ পার হয়ে এসে কলাপাড়া ও হাজীপুর পয়েন্টে ফেরি পারাপারের জন্য এখনো ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। অনেকে সারা রাত ওই দুটি পয়েন্টে ফেরির জন্য আটকে থাকেন। গত বৃহস্পতি ও শুক্রবার পর্যটকবাহী বাস, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি ছিল এসব ফেরিঘাটে।
ঢাকার মিরপুরের বাসিন্দা মাহমুদ ইকবাল বলেন, ‘পরিবারের সাতজন সদস্য নিয়ে কুয়াকাটায় বেড়াতে গিয়েছিলাম। শেষরাতে কলাপাড়া ফেরিঘাটে প্রথমে আটকা পড়ি। দীর্ঘ সময় অপেক্ষার পর এখান থেকে ফেরি পার হতে পারলেও আবার হাজীপুর পয়েন্টে গিয়ে দুই ঘণ্টা আটকা পড়ি। মানুষ কতক্ষণ কষ্ট করতে পারে।’ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সেতু না থাকলে একটা কথা ছিল। অথচ সেতু দুটির নির্মাণকাজ শেষ হয়েছে, কিন্তু তা খুলে না দিয়ে আটকে রাখা হয়েছে।
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি মো. ওয়াহিদুজ্জামান সোহেল বলেন, ‘কী কারণে যানবাহন চলাচলসহ জনসাধারণের জন্য সেতু দুটি খুলে দেওয়া হচ্ছে না, বুঝতে পারছি না। তবে আমাদের দাবি, পর্যটন মৌসুমে কুয়াকাটার কথা বিবেচনা করে হলেও দ্রুত সেতু দুটি চালু করা হোক।’
পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সেতুর কাজ শেষ হওয়ার খবর চিঠি দিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরসহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে জানানো হয়েছে। কবে নাগাদ এ দুটি সেতু খুলে দেওয়া হবে, তা আমরা বলতে পারছি না।’