নির্মাণকাজ শেষ হয়নি ছয় বছরেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর শহরের ওপর দিয়ে দূরপাল্লার যানবাহন চলাচল রোধ ও যানজট নিরসনে ২০০৯ সালে শেরপুর আন্তজেলা বাস টার্মিনাল নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু টাকার অভাবে ছয় বছরেও টার্মিনালের নির্মাণকাজ শেষ হয়নি। ফলে অস্থায়ী টার্মিনাল এলাকায় প্রায়ই যানজট সৃষ্টি হচ্ছে ও পথচারীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
এদিকে নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় ঠিকাদার কাজটি সমর্পণ (সারেন্ডার) করায় টার্মিনালের কাজ শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ও পৌরসভা সূত্রে জানা গেছে, শেরপুরের পাঁচটি উপজেলাসহ জামালপুরের বকশীগঞ্জ, কুড়িগ্রামের রাজিবপুর ও রৌমারী উপজেলা থেকে প্রতিদিন সহস্রাধিক ভারী যানবাহন শেরপুরের ওপর দিয়ে ঢাকা, জামালপুর, টাঙ্গাইল ও উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় চলাচল করে।
শহরকে যানজটমুক্ত করতে পৌরসভার উদ্যোগে ২০০৯ সালে পৌর এলাকার শেরী নদীসংলগ্ন অষ্টমীতলায় ২ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে আন্তজেলা বাস টার্মিনাল নির্মাণের কাজ শুরু হয়। ২০০৯ সালের ১০ এপ্রিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম টার্মিনাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ওই মাসেই নির্মাণকাজ শুরু হয়। ৭ হাজার ৬০০ বর্গফুট আয়তনের এ টার্মিনাল ভবনের মধ্যে বিভিন্ন পথের গাড়ির আলাদা কাউন্টার, যাত্রীদের বসার স্থান, শৌচাগারসহ বিভিন্ন সুযোগসুবিধা রাখা হয়। ২০১০ সালের জুনের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু টাকার অভাবে কাজ বন্ধ রয়েছে।
গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, অসমাপ্ত টার্মিনাল ভবনের দেয়ালের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। ভবনের ভেতরে যানবাহনের চাকা ও কাঠ রাখা হয়েছে। ছাদে কয়েকজন ধান শুকাচ্ছেন। ভবনের সামনের খালি জায়গায় কয়েকটি ট্রাক রাখা হয়েছে। এ সময় টার্মিনালসংলগ্ন পূর্বশেরী এলাকার বাসিন্দা সুলতান মিয়া জানান, চার বছর ধরে টার্মিনালের কাজ বন্ধ রয়েছে। এটি এখন ট্রাকের গ্যারেজ ও অন্যান্য কাজে ব্যবহৃত হচ্ছে।
শেরপুর-ঢাকাপথে চলাচলকারী ড্রিমল্যান্ড পরিবহনের চালক আবদুল মজিদ বলেন, ‘এখনো টার্মিনাল নির্মাণের কাজ শেষ হয়নি। এতে আমরা গাড়ি রাখার স্থান নিয়ে দুর্ভোগে পড়েছি। সড়কের ওপর গাড়ি রেখে যাত্রী ওঠানামা করাতে হয়। এতে যানজট বাড়ে ও জনগণের দুর্ভোগ হয়।’
অনুসন্ধানে জানা গেছে, ২০০০ সালে শহরের নবীনগর এলাকায় ব্যক্তিমালিকানাধীন জায়গায় একটি অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণ করা হয়। এই টার্মিনালের পরিসর খুব ছোট হওয়ায় অধিকাংশ গাড়িই সড়কের ওপর দাঁড় করিয়ে রাখতে হয়। আবার এই টার্মিনালসংলগ্ন স্থানে পৌরসভার একটি কাঁচাবাজার রয়েছে। বাজারের দোকানিরা সড়কের ওপর পসরা সাজিয়ে বসেন। ক্রেতারাও সড়কে দাঁড়িয়েই কেনাকাটা করেন। ফলে নবীনগর এলাকায় প্রায় প্রতিদিনই যানজট থাকে।
বাস টার্মিনাল নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ধ্রুব ট্রেড এজেন্সির অংশীদার হাবিবুর রহমান বলেন, ইতিমধ্যে টার্মিনালের ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। তাঁরা এখনো পৌর কর্তৃপক্ষের কাছে ১৩ লাখ টাকা পাবেন। এ ছাড়া নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় আগের মূল্য অনুযায়ী অসমাপ্ত কাজ শেষ করা সম্ভব নয়। তাই অবশিষ্ট কাজ সম্পন্ন করতে তিনি অপারগতা প্রকাশ করে কাজটি সমর্পণ করেছেন। বিষয়টি তিনি পৌর কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন।
শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী খোরশেদ আলম জানান, টার্মিনালের অবশিষ্ট কাজ শেষ করতে দুই থেকে আড়াই কোটি টাকা প্রয়োজন। এ জন্য নগর পরিচালন ও অবকাঠামোগত উন্নীতকরণ প্রকল্পে একটি সংশোধিত প্রকল্প দাখিল করা হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট ঠিকাদার কাজ শেষ করতে অপারগতা প্রকাশ করায় তাঁর চুক্তি বাতিল করা হয়েছে।
শেরপুর পৌরসভার মেয়র হুমায়ূন কবীর বলেন, টার্মিনালের অবশিষ্ট কাজ শেষ করতে টাকা বরাদ্দ চেয়ে একাধিকবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়েছে। টাকা না পাওয়ায় নির্মাণকাজ বন্ধ রয়েছে।