
লালমনিরহাটের কাকিনা ও রংপুরের মহিপুরের মধ্যে সড়কপথে সরাসরি চলাচলের জন্য প্রস্তাবিত দ্বিতীয় তিস্তা সড়ক সেতুর মূল কাঠামোর অন্তত ৯৮ ভাগের নির্মাণকাজ শেষ হয়েছে। বাকি ২ ভাগসহ অন্যান্য টুকিটাকি কাজ শেষ করে আগামী ৩০ জুনের মধ্যে সেতুটি তত্ত্বাবধানকারী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কাছে হস্তান্তরের কথা রয়েছে।
সরেজমিনে গতকাল বুধবার সকালে সেতুটি পরিদর্শনে গেলে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা এলজিইডি ও নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান নাভানা কনস্ট্রাকশন লিমিটেডের প্রতিনিধি সেতুর নির্মাণকাজের অগ্রগতি নিশ্চিত করে। ২০১২ সালের ২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা লালমনিরহাট জেলা কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত লালমনিরহাট জেলা আওয়ামী লীগের ডাকা এক জনসভায় এ সেতুর নির্মাণকাজের উদ্বোধন ঘোষণা করেন। ১২১ কোটি ৬৫ লাখ ৭৪ হাজার ১০৩ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হচ্ছে। ৮৫০ মিটার দৈর্ঘ্যের এবং ৯ দশমিক ৬০ মিটার প্রস্থের এ সড়ক সেতুর দুপাশে রেলিংসহ ২ দশমিক ৩০ মিটার প্রস্থের ফুটপাত রয়েছে। সেতুটির উত্তর পাশে (কাকিনার দিকে) তিস্তা নদীর বাঁ তীরে ১ হাজার ৩০০ মিটার দীর্ঘ নদীশাসন কার্যক্রমের অংশ হিসেবে পাকা করা হয়েছে। অপরদিকে সেতুটির দক্ষিণ দিকে (মহিপুর অংশে) পানি উন্নয়ন বোর্ডের পুরোনো নদীশাসন কার্যক্রমের সিসি ব্লক রয়েছে।
এদিকে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় তিস্তা সড়ক সেতু চলাচলের জন্য উদ্বোধন করে দিলে লালমনিরহাটের পাঁচটি উপজেলার মধ্যে চারটি যথাক্রমে আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার মানুষ যেকোনো সময় রাজধানী ঢাকা, বিভাগীয় শহর রংপুরসহ যেকোনো স্থানে যাতায়াত করতে পারবে। এতে তাদের সময় ও অর্থের সাশ্রয় হবে।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার এলজিইডি প্রকৌশলী পারভেজ নেওয়াজ খান বলেন, সেতুটির মূল অবকাঠামোর ৯৮ ভাগ নির্মাণকাজ এরই মধ্যে শেষ হয়েছে। সেতুটিতে লাইটপোস্ট স্থাপনসহ টুকিটাকি কাজ বাকি আছে। আগামী মাস খানেকের মধ্যে এসব কাজ শেষ হবে। তিনি বলেন, সেতুটির উজানে নদীর মাঝামাঝি বালুর যে নতুন চর দেখা দিয়েছে, তা অপসারণ করা হলে সেতুটির সুরক্ষা নিশ্চিত হবে। কারণ, এই চর থাকলে নদীর স্বভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে দুই পাড়ে আঘাত করলে ক্ষতির আশঙ্কা রয়েছে।
নাভানা কনস্ট্রাকশন লিমিটেডের মহাব্যবস্থাপক (প্রকৌশল) মকবুল হোসাইন মিয়া বলেন, সেতুটির বাকি ২ ভাগ কাজ শেষ করে জুন মাসের মধ্যে সেতুটি এলজিইডিকে হস্তান্তর করা হবে। তিনি বলেন, এরপর সুবিধাজনক যেকোনো সময়ে এর উদ্বোধন হলে জনগণ চলাচলের দুর্ভোগ থেকে স্থায়ীভাবে রক্ষা পাবে।
কাকিনা ইউপি চেয়ারম্যান শহিদুল হক বলেন, বর্তমানে এলাকার মানুষকে তিস্তা নদী পারাপার খেয়াঘাটের ইজারাদারকে টাকা দিতে হয়। তা ছাড়া খেয়া দিয়ে পার হতে গিয়ে নানা ভোগান্তির শিকার হতে হয়। তিনি আরও বলেন, সেতুটি চলাচলের জন্য উদ্বোধন করে দেওয়া হলে বিনা মাশুলে মানুষ যেকোনো সময় চলাচল করতে পারবে। এখন খেয়াঘাট রাত ১০টার পরই বন্ধ হয়ে যায়। এতে রোগীসহ জরুরি প্রয়োজনে চলাচল করা দুরূহ হয়ে পড়ে। সকাল হওয়ার জন্য অপেক্ষা করতে হয়।