মাগুরার মহম্মদপুর উপজেলায় মধুমতী নদীর ওপর শেখ হাসিনা সেতুর নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলেছে। ইতিমধ্যে এর ৭৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। আগামী জুনে নির্মাণকাজ শেষ হবে বলে আশা করছেন স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের (এলজিইডি) কর্মকর্তারা।
এদিকে নদীর দুই তীরের লাখো মানুষ অপেক্ষায় আছেন সেতুটি উদ্বোধনের। এটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হলে মহম্মদপুর উপজেলাবাসী কমপক্ষে ৪০ কিলোমিটার কম পথ ঘুরে রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
এলাকার কয়েকজন বলেন, সেতুটি চালুর মধ্য দিয়ে মাগুরা, নড়াইল, ঝিনাইদহ ও যশোরের একাংশ এবং ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, বরিশালসহ উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোর মানুষের সড়ক যোগাযোগ সহজ হবে। এতে সময় ও অর্থের খরচ কমে যাবে। সেই সঙ্গে ব্যবসা-বাণিজ্যেরও ব্যাপক প্রসার ঘটবে। পাশাপাশি পদ্মা সেতুর নির্মাণ শেষ হলে রাজধানীতে যাতায়াতে গতিশীলতা আরও বাড়বে।
মহম্মদপুর উপজেলা এলজিইডি সূত্র জানায়, ২০১৩ সালের ৭ নভেম্বর উপজেলা সদরের বাঁশতলা খেয়াঘাট এলাকায় মধুমতী নদীতে সেতুটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এটি উদ্বোধন করেন মাগুরা-২ আসনের সাংসদ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। ম্যাক্স-র্যা নকেন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ পায়। ২০১৫ সালে ১০ এপ্রিল মূল কাজ শুরু হয়। নির্মাণ শেষ করার জন্য প্রতিষ্ঠানটিকে দেড় বছর সময় দেওয়া হয়। সেতুটির দৈর্ঘ্য ৬০০ দশমিক ৭০ মিটার ও প্রস্থ ৯ দশমিক ৮০ মিটার। এটিতে ১৫০টি পাইল, ১৫টি স্প্যান এবং ৭৫টি পিসি গার্ডার রয়েছে। এটি নির্মাণে ৫৯ কোটি ৯০ লাখ ৩৪ হাজার ৭০৫ টাকা ২৫ পয়সা বরাদ্দ দেওয়া হয়েছে।
গত রোববার সরেজমিনে দেখা গেছে, শতাধিক শ্রমিক সময়সূচি ভাগ করে দিন-রাত কাজ করে যাচ্ছেন।
মহম্মদপুর শহরসংলগ্ন নদীপারের বাসিন্দা আবদুল কুদ্দুস বলেন, সেতুটি যাতায়াতের জন্য খুলে দেওয়া হলে মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনে সময় ও অর্থ সাশ্রয় হবে। তা ছাড়া খুলনা-ঢাকা মহাসড়কের যানজটও অনেকটা কমে যাবে।
মানোয়ার হোসেন নামের আরেকজন জানান, সেতুটি উভয় পারের মানুষের ভাগ্য বদলে দেবে। আর্থসামাজিক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যেও প্রসার ঘটবে।
মাগুরা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মীর্জা মো. ইফতেখার আলী বলেন, সবার চেষ্টায় সেতুর কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। কাজের মানও সন্তোষজনক। ইতিমধ্যে ৭৫ ভাগ শেষ হয়েছে। আগামী জুনের মধ্যেই নির্মাণকাজ শেষ হবে। বাকি কাজ শেষে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।