গাইবান্ধার গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণকাজে গাফিলতি ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। বিশেষত, সীমানাপ্রাচীর ও সংযোগ সড়ক নির্মাণকাজে অনিয়ম বেশি। এ ছাড়া নির্মাণকাজও চলছে ধীরগতিতে।গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের স্টেশন কর্মকর্তা ময়নুল ইসলাম বলেন, মূল ভবন নির্মাণ সম্পন্ন হলেও সংশ্লিষ্ট ঠিকাদারের গাফিলতির কারণে অন্যান্য কাজ পিছিয়ে গেছে। এ ছাড়া নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় এবং নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় সরকারের ব্যয়ও বেড়েছে।জানতে চাইলে ঠিকাদার মাহাবুব আলম বলেন, গাফিলতির অভিযোগ সঠিক নয়। অর্থ বরাদ্দ না পাওয়ায় কাজ সম্পন্ন করতে বিলম্ব হচ্ছে।গাইবান্ধা গণপূর্ত বিভাগ সূত্র জানায়, ২০১১ সালের জানুয়ারি মাসে উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর এলাকায় গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশনের নির্মাণকাজ শুরু হয়। এতে ব্যয় ধরা হয় এক কোটি ৪১ লাখ টাকা। এই টাকা দিয়ে মূল ভবন, সীমানাপ্রাচীর, সংযোগ সড়ক, রান্নাঘর, ফুয়েল সেড, পাম্প হাউস, পানি সংরক্ষণ ট্যাংক প্রভৃতি নির্মাণের কথা। ওই বছরের ডিসেম্বরে কাজ সম্পন্ন করার জন্য সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু গত দেড় বছরেও কাজ শেষ হয়নি। কেবল মূল ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক গোবিন্দগঞ্জ উপজেলা শহরের এক ঠিকাদার অভিযোগ করেন, গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। ঢালাইকাজে মেশানো হয়েছে মোটা বালুর স্থলে স্থানীয় চিকন বালু। খোয়া, বালু ও সিমেন্টের অনুপাতও কমবেশি করা হচ্ছে। ইটের গাঁথুনিতে যে পরিমাণ সিমেন্ট ও বালুর মিশ্রণ দেওয়ার কথা, তা করা হচ্ছে না।উপজেলা শহরের ইটভাটা মালিক জুলহাস মিয়া বলেন, বকচর এলাকায় নির্মাণাধীন ফায়ার স্টেশনের নির্মাণকাজের জন্য যেসব ইট রাখা হয়েছে সেগুলো ২ নম্বর।মাহাবুব আলম নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়মানুযায়ী কাজ করা হচ্ছে। তবে ভাটা থেকে ১ নম্বর ইট আনার সময় কিছু কিছু ২ নম্বর ইট আসতে পারে।গাইবান্ধা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী দেবাশীষ চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, ‘ফায়ার স্টেশন নির্মাণকাজে অনিয়মের কোনো অভিযোগ পাইনি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি জানান, ইতিমধ্যে শতকরা ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু নির্মাণসামগ্রীর দাম বাড়ার কারণে এই প্রকল্পের ব্যয় আরও ৩০ লাখ টাকা বৃদ্ধি করে বর্ধিত প্রাক্কলন অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।