নির্মাণকাজে দুর্নীতি সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের আরও সততা ও দক্ষতার সঙ্গে কাজ করতে হবে। আগামী মে মাসের মধ্যে এ অর্থবছরের সব কাজ শেষ করতে করতে হবে। কোনো গাফিলতি চলবে না। নির্মাণে কোনো দুর্নীতি সহ্য করা হবে না।

শিক্ষামন্ত্রী আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উন্নয়নকাজ সম্পর্কিত মাঠ পর্যায়ের প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় এবং নতুন নিয়োগ পাওয়া প্রকৌশলীদের মাঝে মোটরসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

এ সময় ভবন নির্মাণ সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছরের মধ্যে মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১৯ ৫০০ ভবন নির্মাণ সম্পন্ন হবে। গত সাড়ে আট বছরে শিক্ষার্থী প্রায় আড়াই গুণ বেড়েছে। ফলে নতুন অবকাঠামো নির্মাণের প্রয়োজনীয়তাও অনেক বেড়েছে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এস এম ওয়াহিদুজ্জামান প্রমুখ। পরে ৩০০ প্রকৌশলীর মাঝে আনুষ্ঠানিকভাবে মোটরসাইকেলের চাবি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী।