সময়সীমা পেরিয়ে গেলেও বরিশাল আধুনিক নৌবন্দরের নির্মাণকাজ শেষ হয়নি। কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।গতকাল মঙ্গলবার সকালে নির্মাণাধীন বন্দরটি পরিদর্শন শেষে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান মো. আবদুল মালেক মিয়া। আগামী এক মাসের মধ্যে সঠিকভাবে কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি। ইতিপূর্বে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানও একাধিকবার ক্ষোভ প্রকাশ করে সঠিকভাবে কাজ করার নির্দেশ দেন।বরিশাল বিআইডব্লিউটিএ সূত্র জানায়, বরিশাল আধুনিক নৌবন্দর প্রতিষ্ঠার জন্য ১৭ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে তিনটি প্রকল্প নেওয়া হয়। এর মধ্যে ১৫৫৪ দশমিক ২১ বর্গফুটের দ্বিতল ভবন ও প্রাচীর নির্মাণের জন্য দুই কোটি ৪৪ লাখ টাকা, পন্টুন নির্মাণের জন্য সাত কোটি ৫৫ লাখ, বন্দর এলাকায় ড্রেজিং বাবদ তিন কোটি, জেনারেটর ও শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বাবদ ২৫ লাখ টাকা এবং বাকি টাকা অন্যান্য কাজে ব্যয় করা হবে। সে অনুযায়ী, দরপত্র আহ্বান করা হয় এবং গত বছরের ৪ মার্চ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। চলতি বছরের ৩০ জুনের মধ্যে কাজ শেষ করার কথা। কাজে তদারক না থাকায় নির্মাতাপ্রতিষ্ঠান যেনতেনভাবে কাজ করেছে বলে অভিযোগ উঠেছে। ঠিকাদারের দাবি, দরজা-জানালা ও ফিটিংস ছাড়া বাকি কাজ দরপত্র অনুযায়ী করা হয়েছে।ঠিকাদারের অভিযোগ, বর্তমান বাজারদর অনুযায়ী দরপত্র করা হয়নি। ২০০১-০২ সালের দর ধরায় সমস্যা দেখা দিয়েছে। বর্তমানে রডের দাম টনপ্রতি ৫৮ হাজার টাকা হলেও ওই দরপত্রে ধরা রয়েছে ৪৭ হাজার টাকা। এ ছাড়া ভবনে রং করার জন্য ধরা হয়েছে ৩২ হাজার, খরচ হয়েছে প্রায় পাঁচ লাখ টাকা। সে কারণে বন্দর ভবন নির্মাণে লাভের পরিবর্তে ব্যাপক লোকসান দিতে হবে।ভবন নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদার নাহিদ সেরনিয়াবাত প্রথম আলোকে বলেন, ‘কাজ নিম্নমানের হয়নি। দরজা-জানালাসহ কিছু ফিটিংস সম্পর্কে অভিযোগ দিয়েছে। আমরা সেটা ঠিক করে দেব।’ তিনি পাল্টা অভিযোগ করে বলেন, ‘বিআইডব্লিউটিএ এত আন্ডার-রেটে (কম দরে) কাজ দেওয়ায় আমাদের লোকসানে পড়তে হয়েছে।’বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী এ জেড এম শাহনেওয়াজ কবির বলেন, ‘ঠিকাদারেরা আমাদের দরপত্র অনুযায়ী দর দিয়েছেন এবং কাজ পেয়েছেন। তাঁদের ওই অভিযোগ ভিত্তিহীন। তাঁদের কাজ করে দিতে হবে।’বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. আবদুল মালেক মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমাদের দুর্বলতার কারণেই এ সমস্যা হয়েছে। আমরা সঠিকভাবে তদারক করতে পারিনি। ওই সুযোগ নিয়েছে ঠিকাদারেরা। আগামী এক মাসের মধ্যে ত্রুটিপূর্ণ কাজ সংশোধন করে কাজ সমাপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।’