ফেনী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনারে বক্তারা প্রকৌশলীদের নির্মাণকাজে বিল্ডিং কোড মেনে চলার আহ্বান জানিয়েছেন। এ ছাড়া তাঁরা স্থপতি ও প্রকৌশলীদের মধ্যে পারস্পরিক সমন্বয়ের এবং নতুন প্রকৌশলীদের প্রতি গবেষণামুখী হওয়ার আহ্বান জানিয়েছেন।
গতকাল শুক্রবার বেসরকারি ফেনী বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগ বাংলাদেশের নির্মাণশিল্প নিয়ে এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশের (আইএবি) সাবেক সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন। বিশেষজ্ঞ বক্তব্য উপস্থাপন করেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ কৌশল বিভাগের অধ্যাপক জহির বিন আলম, ফেনীর মহিপাল উড়ালসড়ক প্রকল্পের আবাসিক প্রকৌশলী আরিফ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুস সাত্তার, সদস্যসচিব এ এস এম তবারক উল্ল্যাহ চৌধুরী, কোষাধ্যক্ষ অধ্যাপক তায়বুল হক।
সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ফসিউল আলম। স্বাগত বক্তব্য দেন সেমিনারের আহ্বায়ক আতাউল হাকিম মাহমুদ।