নির্মাণকাজের উদ্বোধন করলেন মন্ত্রী
নীলফামারীতে মৎস্য পোনা উৎপাদন খামারের ভবন ও হ্যাচারি নির্মাণের কাজ উদ্বোধন করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি গতকাল শুক্রবার এসব স্থাপনা নির্মাণের কাজ উদ্বোধন করেন।
গতকাল সকালে নীলফামারী জেলা সদরের টুপামারী ইউনিয়নে অবস্থিত খামারের হ্যাচারি, কার্যালয় ভবন ও সীমানাপ্রাচীরের নির্মাণকাজ উদ্বোধন করেন মন্ত্রী। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নীলফামারী সরকারি মৎস্য পোনা উৎপাদন খামারের অবকাঠামো নির্মাণকাজটি শেষ হলে এ এলাকায় মাছ চাষ বাড়বে।
মৎস্য অধিদপ্তর রংপুর বিভাগের উপপরিচালক রকিব উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে খামার চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নীলফামারী জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা শাহ ইমাম জাফর সাদেক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা মৎস্য কর্মকর্তা জানান, মানসম্মত মৎস্য পোনা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য স্থাপনা পুনর্বাসন ও উন্নয়ন প্রকল্পের আওতায় এক কোটি ছয় লাখ টাকা ব্যয়ে মেসার্স রহমান বিল্ডার্স স্থাপনা নির্মাণকাজটি বাস্তবায়ন করছে।